ওমান এয়ারের চট্টগ্রাম-মাসকট ফ্লাইট শুরু
ওমান এয়ার চট্টগ্রাম-মাসকট সরাসরি ফ্লাইট চালু করেছে। মঙ্গলবার যাত্রী নিয়ে সংস্থাটির একটি বিমান চট্টগ্রাম আন্তজার্তিক বিমান বন্দরে অবতরণ করে ও ফিরে যায়।
এখন থেকে সপ্তাহে শনি ও সোমবার ছাড়া বাকি পাঁচ দিন এই বিমান সংস্থাটির পাঁচটি ফ্লাইট চট্টগ্রাম থেকে মাসকট যাবে এবং আসবে।
১১৭ জন যাত্রী নিয়ে ওমান এয়ারের ফ্লাইট ডব্লিউওয়াই-৪৯৬ মাসকট থেকে মঙ্গলবার সকাল সাতটা বিশ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে অবতরণ করে। এরপর সকাল সাড়ে আটটায় ১০৪ জন যাত্রী নিয়ে বিমানটি মাসকটের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায়।
চট্টগ্রাম থেকে সরাসরি ওমানের রাজধানী মাসকটে ফ্লাইট চালু উপলক্ষে মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ওমান এয়ারের কর্মকর্তারা বলেন, নতুন এই ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ এবং ওমানের মধ্যে ব্যবসা, পর্যটনসহ বিভিন্ন বিষয়ে সম্পর্ক বাড়বে।
ওমান এয়ারের চেয়ারম্যান সাঈদ হামদুন বলেন, ঐতিহ্যবাহী চট্টগ্রামের সঙ্গে ওমানের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় এ অঞ্চলের সঙ্গে সম্পর্কের আরো উন্নতি ঘটবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংস্থার লোকাল পার্টনার কে এম মুজিবুল হক, সিনিয়র মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ আল শেখ, বাংলাদেশে কান্ট্রি ম্যানেজার গিয়ান করুণারত্নে।
