মনপুরায় মিঠা পানি খেতে এসে মারা গেল ৬ হরিণ
মিঠা পানির সন্ধানে নিঝুম দ্বীপ ছেড়ে মনপুরা উপজেলার লোকালয় আসা অর্ধশতাধিক হরিণের ছয়টিকে মেরে ফেলেছে স্থানীয়রা।
আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে দুটি। এছাড়া সোমবার ও মঙ্গলবার গত দুদিনে চর মজুমদারে অবমুক্ত করা হয়েছে ১৭ টি হরিণ।
মনপুরা উপজেলা বনবিভাগের বিট অফিসার ফরিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, বঙ্গোপসাগরের মোহনায় নিঝুম দ্বীপ এলাকায় পানিতে লবণের পরিমাণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে হরিণগুলো মিঠা পানির সন্ধানে মনপুরার কয়েকটি চরে আসতে শুরু করে।
অরক্ষিত এসব হরিণগুলো স্থানীয়রা জবাই করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি খোদ খোদ বনবিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধেও জবাইয়ের অভিযোগ আছে।
মনপুরা উপজেলা বনকর্মকর্তা রুহুল আমীন জানান, নিঝুম দ্বীপ থেকে আসা হরিণগুলোর মধ্যে ১৭টিকে চর মজুমদার দ্বীপে অবমুক্ত করা হয়েছে। এছাড়া স্থানীয়দের হাতে সোমবার তিনটি ও মঙ্গলবার তিনটি হরিণ মারা যায়। আহত দুটি হরিণকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
রুহুল আমীন বলেন, দুটি মৃত হরিণ মাটি চাপা দেওয়া হয়েছে। একটি হরিণ সাকুচিযার লোকজন খাবার জন্য জবাই করেছিল। সেটির মাংস উদ্ধার করে অফিস কম্পাউন্ডে মাটি চাপা দেওয়া হয়েছে। এ ব্যাপারে বনবিভাগ মামলা করবে বলে তিনি জানান।
অবশ্য মনপুরার সাংবাদিক আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, মঙ্গলবার দুপুরের দিকে বনবিভাগের হাজিরহাট অফিস কম্পাউন্ড থেকে সাংবাদিকরা মাটি চাপা দেওয়া হরিণের মাংস উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বনকর্মকর্তারাই হরিণটি জবাই করেছিলেন ভোজের জন্য। কিন্ত বিষয়টি জানাজানি হলে সেটি মাটি চাপা দেওয়া হয়।
সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মো. কামাল উদ্দিন জানান সোমবার সকাল থেকে ওপারের নিঝুমদ্বীপ থেকে বঙ্গোপসাগরের মোহনা পাড়ি দিয়ে ২৫/৩০ টি হরিণ মিঠা পানির জন্য চরের বিভিন্ন বাড়ির ঝোপে আশ্রয় নিয়েছে। হরিণগুলো স্থানীয়রা আটক করে বনবিভাগের কাছে হস্তান্তরের সময় তিনটি মারা যায়।
মঙ্গলবার সকাল থেকে ভোলা জেলা বনবিভাগের কর্মকর্তারা ইঞ্জিনচালিত নৌকা নিয়ে বঙ্গোপসাগরের মোহনায় হরিণ উদ্ধার অভিযান চালান। তারা চর ফৈজদ্দিন, ঢাল চর এবং সাকুচিয়ার ইউনিয়নের চর নিজামে হরিণ উদ্ধারের ব্যাপারে মাইকিং করে স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন।
