২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার পাটকল শ্রমিকদের পাওনা শোধের দাবি নিয়ে মে দিবস পালিত

জরুরি অবস্থার কারণে সীমিত পরিসরে মে দিবস পালন করেছে শ্রমিক সংগঠনগুলো। প্রতিবার ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়ে থাকলেও এ বছর সরকার মিছিল কিংবা শোভাযাত্রা নিষিদ্ধের ঘোষণা দেওয়ায় কেবল আলোচনা অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকে মে দিবসের কর্মসূচি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2007, 01:06 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

জাতীয় প্রেস ক্লাবে মে দিবসের ঘোষণা পত্র পাঠের আয়োজন করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। ঘোষণা পত্র পাঠের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি টানা হয়। অনুষ্ঠান চলাকালে প্রেসক্লাব চত্বর ও বাইরে ছিল কড়া পুলিশ পাহারা।

স্কপের ঘোষণা পত্রে খুলনার চারটি পাটকল বন্ধের ঘোষণা প্রত্যাহারসহ আহত শ্রমিকদের সুচিকিৎসা, গ্রেপ্তারকৃতদের মুক্তি, মামলা প্রত্যাহার ও প্রাপ্য বকেয়া পরিশোধের দাবি জানানো হয়। ঘোষণা পত্র পাঠ করেন চৌধুরী আশিকুল আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুল মতিন মাস্টার, রায় রমেশ চন্দ্র, ডা. ওয়াজেদুল ইসলাম, আমিনুল হক ও খলিলুর রহমান। অনুষ্ঠান শেষে শ্রমিক নেতা শাহ মুহাম্মদ আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, মে দিবসের শোভাযাত্রা করার অনুমতি দেওয়া সরকারের উচিত ছিল।

বিকালে প্রেসক্লাবে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইন্সটিটিউট লেবার স্টাডিজ (বিলস)। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিলসের মহাসচিব নজরুল ইসলাম খান। শ্রমিক নেতা নুরুল ইসলামসহ অন্যান্য শ্রমিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুটি অংশও আলোচনা সভার আয়োজন করে। তোপখানা রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাহিদা আকতার, সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন প্রমুখ।

আমাদের বরিশাল প্রতিনিধি জানান, মে দিবস উপলক্ষে অভ্যন্তরীণ নৌ পথে যান চলাচল করলেও সড়ক পথে চলাচল বন্ধ ছিল। বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক মাহফুজুর রহমান বলেন, মে দিবস উপলক্ষে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছে।