৩ বস্তা মরা মুরগিসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার
রাজধানীর কাপ্তানবাজার থেকে সোমবার পুলিশ তিন বস্তা মরা মুরগিসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সব মরা মুরগি রাজধানীর বিভিন্ন হোটেলে সরবরাহ করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃত তিনজন হচ্ছে নূর ইসলাম, ওয়াহিদুর রহমান এবং মোঃ ফারুখ।
সূত্রাপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে সোমবার ভোরে কাপ্তানবাজার শেরে বাংলা মার্কেটের মুরগি পট্টিতে নুরুল ইসলামের দোকানে তারা অভিযান চালায়। সেখানে তিনটি প্লাস্টিকের বস্তা ভর্তি অবস্থায় মুরগিগুলো উদ্ধার করা হয়। মুরগিগুলো মারা যাওয়ার পর সেগুলো জবাই করে বস্তায় ভরা হয়।
সূত্রাপুর থানার কর্তব্যরত উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, ওই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পাইকারি দোকান থেকে মরা মুরগি সংগ্রহ করে বিভিন্ন হোটেলে সরবরাহ করে আসছিল। তিনি জানান, এ ব্যাপারে মুরগি পট্টির ব্যবসায়ী লাল মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
