কাটছাঁট করে ২১ হাজার ৬০০ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন
চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ণ কর্মসূচির (এডিপি) আকার ২৬ হাজার কোটি টাকা থেকে কাটছাঁট করে ২১ হাজার ৬০০ কোটি টাকা করা হয়েছে।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সোমবারের এক বৈঠকে এই সংশোধিত এডিপি অনুমোদন করা হয়।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বর্তমান বাস্তবায়ন পরিস্থিতি ও সম্পদের প্রাপ্যতার কথা বিবেচনা করে ২০০৬-০৭ অর্থবছরের জন্য এডিপি ২১ হাজার ৬০০ কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে।”
বর্তমান অর্থবছরের মূল এডিপির আকার গত অর্থবছরের এডিপির (২১ হাজার ৬০০ কোটি টাকা) তুলনায় ২১ শতাংশ বেশি নির্ধারণ করা হয়েছিল।
উপদেষ্টা মূল এডিপির আকারকে উচ্চাভিলাসী অভিহিত করে বলেন, “রাজস্ব আদায় এবং বিদেশী অর্থ সহায়তার কথা মাথায় রেখে এটা আমার কাছে বাস্তব সম্মত বলে মনে হয়নি।”
একনেকের বৈঠকে জুলাই-ডিসেম্বর সময়ে এডিপি’র বাস্তবায়ন অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। এসময় এডিপি’র মাত্র ২৭ ভাগ বাস্তবায়িত হয়েছে। গতবছর একই সময়ে এডিপি’র ৩২ ভাগ বাস্তবায়িত হয়েছিল।
সভায় চলমান দারিদ্য নিরসন কৌশল পত্রের (পিআরএসপি) মেয়াদ ২০০৮ সালের জুন মাস পর্যন্ত বৃদ্ধির প্রস্তাবও অনুমোদিত হয়। পিআরএসপির মেয়াদ এবছরের জুন মাস পর্যন্ত ছিল।
এডিপি’র আকার কাটছাঁটের বিষয়ে উপদেষ্টা বলেন, “রাজনৈতিক সংকটের কারণে আমরা ইতোমধ্যেই চলতি অর্থবছরের দুই থেকে তিন মাস হারিয়েছি।” সেই তুলনায় প্রথম ছয় মাসের বাস্তবায়ন পরিস্থিতি খারাপ না বলে মনে করেন উপদেষ্টা।
অর্থবছরের শেষদিকে এডিপি’র বেশি অর্থ ব্যয়ের প্রবণতায় জনগণের অর্থ নষ্ট হতে পারে এমন আশংকার ব্যাপারে উপদেষ্টা বলেন, “উপযুক্ত তদারকী ও ব্যাবস্থাপনা এই আশংকা দূর করতে পারে। বর্তমান পরিস্থিতি কিছুটা আলাদা। আমি আশাকরি বর্তমান পরিবেশে কর্মকর্তারা নির্ভীক ও স্বাধীনভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবেন।”
দারিদ্য বিমোচনে সহায়ক ও মানব সম্পদ উন্নয়নে সম্পৃক্ত খাত সমূহ যেমন পল্লী উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও পরিবহণসহ ভৌত অবকাঠামো নির্মাণ প্রভৃতি চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে গুরুত্ব পেয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, এই পাঁচটি খাতে এডিপির প্রায় ৭০ শতাংশ টাকা ব্যয় হবে।
সভায় এডিপি বাস্তবায়নের বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়-প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে স্থিতিশীলতা আনা, আগেভাগেই কিছু পরিকল্পনা প্রণয়ন এবং সমন্বয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নেতৃত্ব প্রদান।
বর্তমান অর্থবছরের মূল এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা ছিল ৮৮৬ টি কিন্তু সংশোধিত এডিপিতে এর সংখ্যা বেড়ে দাড়িয়েছে এক হাজার ৯২ টিতে।
সভায় উপদেষ্টাবৃন্দ, মন্ত্রী পরিষদ সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
