সিরাজগঞ্জে হত্যা মামলায় ২৫ জনের যাবজ্জীবন
সিরাজগঞ্জের বেলকুচীর বহুল আলোচিত ইদ্রিস হত্যা মামলায় রায়ে ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ২৫ জনের প্রত্যেককেই ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামীরা হচ্ছেন-জেল হোসেন, মানিক প্রামানিক, আখতার হোসেন, আবদুর রশীদ, হোসেন আলী, ইসমত আলী, আনোয়ার হোসেন, বিষা প্রামানিক, আবদুল প্রামানিক, কাজেম প্রামানিক, হযরত আলী, আজাহার আলী, আবদুর রশীদ, মকরম প্রামানিক, ফজলুল হক, আমির হামজা, দানেজ আলী, আবদুস ছোবাহান, গঞ্জের আলী, রিয়াজ উদ্দিন, মোকছেদ আলী, রহুল আমিন, রহিচ উদ্দিন, আবদুর রাজ্জাক এবং আব্দুল গফুর প্রামানিক। এদের সবার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচী ইউনিয়নের উপজেলার চরগোপালপুর গ্রামে।
মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ১৯৯২ সালের ২৮ অক্টোবর রাতে বেলকুচী উপজেলার চর গোপালপুর গ্রামের তাঁত মালিক ইদ্রিস আলীকে (৩৮) পার্শ্ববর্তী মিঠুয়ানী বাজারের অদূরে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। পরের দিন নিহতের ছোট ভাই আলতাফ ২৭ জনকে আসামী করে বেলকুচী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে ওই ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। মামলার অপর দুজন আসামীকে খালাস দেওয়া হয়।
এর আগে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত উল্লিখিত আসামীদের খালাস দিয়েছিল। পরে বাদী হাইকোর্টে আপিল করার পর হাইকোর্ট রায়টি পুনঃবিবেচনার জন্য আদেশ দেয়। এই আদেশের পরিপ্রেক্ষিতে মামলার পুনঃশুনানি হয়। শুনানি শেষে সোমবার জেলা ও দায়রা জজ ওই ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
