আদালত চত্বরে খেলায় সময় কাটল আসামি রানার
বন বিভাগের দায়ের করা মামলায় আদালতে হাজির হয়ে জামিন পেল ছয় বছরের শিশু কাজল রানা।
রোববার দুপুরে জেলার কালাই উপজেলার ভেরেন্ডি গ্রামের কাজল রানাকে জয়পুরহাট ক অঞ্চলের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে উপস্থিত আইনজীবীরা শিশু কাজলের পক্ষে দাঁড়ান। জয়পুরহাট ক অঞ্চলের ম্যাজিস্ট্রেট বিশ্বাস রাসেল শিশু কাজলের জামিনের আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে কাজল রানার বাবা আবদুুর রহমান বন বিভাগের অনুমোদন না নিয়েই স্থানীয় বৈরাগীর হাট বাজারে ‘কাজল স মিল’ নামে একটি করাতকল স্থাপন করেন।
গত ২২ মার্চ জেলার কলোই-ক্ষেতলাল সামাজিক বনায়ণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুুল আলম এ ব্যাপারে একটি মামলা দায়ের করেন। আদালত ২৯ মার্চ মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন। রোববার দুপুরে কাজল তারা বাবার সঙ্গে আদালতের কাঠগড়ায় দাঁড়ালে আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তবে অভিযোগ দায়েরকারী বন কর্মকর্তা শরিফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আমরা কাজলের বাবাকে গত ৩১ জানুয়ারি মিলের অনুমোদন নেওয়ার জন্য নোটিশ দেই। তিনি তা না নেওয়ায় পরে আরেকটি নোটিশ দিয়ে মিলটি বন্ধ করে দিতে বলি। জবাবে আবদুর রহমান জানান, তার ছেলে কাজলই মিলের মালিক, তিনি শুধু মিল দেখাশোনা করেন। এরপর আমি কাজলকে না দেখেই তার বিরুদ্ধে মামলা দায়ের করি।”
তিনি বলেন, আমরা এ বিষয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলব। তারপর প্রয়োজনে কাজলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে আবদুর রহমানের বিরুদ্ধে মামলা করব।
এ ব্যাপারে জেলা বনরক্ষী বজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, আমরা কোনো শিশুর বিরুদ্ধে মামলা করিনি। ওই করাত কলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। শরিফুল আলম কাজলের বয়স সম্পর্কে জানতেন না।
জয়পুরহাট জজ কোর্টের এ্যাডভোকেট সুলতান আলম মোল্লা, এ্যাডভোকেট ইউনুস রহমানসহ প্রায় ১৫ জন আইনজীবী রোববার কাজলের জামিনের পক্ষে আদালতে যুক্তি দেখান।
যাকে নিয়ে এত ঘটনা, সেই কাজল রানা বুঝতেও পারেনি কেন সে কাঠগড়ায়, মামলা কি, জামিনই বা কেন। তাকে নিয়ে আদালতে হইচই হলেও তার মধ্যে কোনো টেনশনই ছিল না। মনের আনন্দে আদালত চত্বরে খেলা করছিল সে।
