২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে এসিড নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার ১

শ্রীপুরে কবির হোসেন নামের একজনকে এসিড নিক্ষেপের ঘটনায় শনিবার রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শহিদুল্লাহকে রোববার আদালতে সোপর্দ করা হয়। জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী ও পুলিশ ধারণা করছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 09:50 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

শুক্রবার রাত সাড়ে নয়টায় উপজেলার গজারিয়া গ্রামে দুর্বৃত্তরা কবির হোসেনকে (৩০) এসিডে ঝলসে দেয়।

পিঠ ও কোমরে দগ্ধ অবস্থায় কবির হোসেন বর্তমানে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আবদুল হালিম মোল্লা জানিয়েছেন, কবিরের অবস্থা উন্নতির দিকে।

কবির হোসেন জানান, ২৭ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে কবির হোসেন প্রকৃতির ডাকে বাইরে এলে একই এলাকার লিয়াকত, কামাল, শহীদুল্লাহ ও আমানুল্লা তাকে লক্ষ করে এসিড ছুঁড়ে মারে। এতে তার কোমর ও পিঠ ঝলসে যায়। কবিরের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।

কবির আরও জানায়, জমি নিয়ে একই এলাকার রাজ্জাক, লিয়াকত, ওয়াজ উদ্দিন ও সিরাজ মাস্টারের বিরোধ রয়েছে। এর জেরে গত ১৭ এপ্রিল লিয়াকত বাদি হয়ে কবিরসহ ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করে। সম্প্রতি ওই মামলায় সবাই জামিনে বেরিয়ে আসায় বাদি পক্ষ ক্ষিপ্ত হয়ে এসিড নিক্ষেপ করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এসিড আইনে মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ শহীদুল্লাহ নামে একজনকে গ্রেপ্তার করেছে।