মুক্তিপণ দিতে রাজী হয়েও শিশু সাইদুলকে বাঁচানো গেল না
সাত বছরের শিশু সাইদুলকে অপহরণ করে নিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ চেয়েছিল অপহরণকারীরা। সাইদুলের পরিবার ছেলের জীবন রক্ষায় টাকা দিতে রাজীও হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হলো না।
মুক্তিপণের টাকা দেওয়ার আগেই অপহরণকারীরা খুন করেছে শিশুটিকে। ঢাকার দক্ষিণখান থানার দক্ষিণ দেওয়াইল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই অপহরণকারীকে টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের নার্সারী শ্রেণীর ছাত্র সাইদুল (৭) শনিবার সন্ধ্যায় বাসার কাছ থেকে অপহৃত হয়। তার বাবা বাবুল মিয়া কুয়েত প্রবাসী।
ধরা পড়ার পর ঘাতকরা জানায়, অপহরণ করার কয়েক ঘন্টার মধ্যে বুকে ছুরিকাঘাত করে তারা সাইদুলকে হত্যা করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী কাওলার সিভিল এভিয়েশন স্টাফ কোয়ার্টার এলাকার আমবাগান থেকে শিশু সাইদুলের লাশ উদ্ধার করা হয়।
সাইদুলের পরিবার ও র্যাব সূত্র জানায়, পূর্ব পরিচিত ও প্রতিবেশী খালেদ হোসেন জাকির (২২) তার সহযোগী বাবুলকে (৩৫) সঙ্গে নিয়ে বাসার কাছ থেকে শনিবার সন্ধ্যায় সাইদুলকে অপহরণ করে।
তারা সাইদুলের পরিবারের কাছে মোবাইলে মুক্তিপণ হিসাবে ৫০ হাজার টাকা দাবি করে। সাইদুলের পরিবার মুক্তিপণে রাজী হয়ে ঘটনাটি র্যাব-১ কে জানায়।
র্যাবের পাতা ফাঁদে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় ধরা পড়ে খালেদ হোসেন জাকির। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী টঙ্গী থেকেই ধরা পড়ে সহযোগী বাবুল।
গ্রেপ্তারকৃতরা র্যাবকে জানায়, ধরা পড়ে যাওয়ার ভয়ে ও লুকানোর জায়গা না পাওয়ায় শনিবার রাতেই সাইদুলকে হত্যা করে লাশ কাওলার আম বাগানে ফেলে রাখে।
র্যাব-১ এর এএসপি আবদুর হোসেন জানান, আসামীরা স্বীকার করেছে তারা টাকার লোভে অনেকদিন যাবত সাইদুলকে অপহরণের পরিকল্পনা করছিল।
