ছাত্র রাজনীতি বন্ধ নয়, লেজুড়বৃত্তি মুক্ত করাই সরকারের লক্ষ্য: মইনুল
জনপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ছাত্র রাজনীতি বন্ধ করা সম্ভব নয়। তবে এর পক্ষে যদি জনমত থাকে, তাহলে আইন প্রণয়ন করে এটা বন্ধ করা যেতে পারে। এ অভিমত আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের।
একই সঙ্গে তিনি বলেন, ছাত্র রাজনীতি বন্ধ নয়, রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি থেকে ছাত্র সংগঠনগুলোকে বের করে আনাই সরকারের মূল লক্ষ্য।
রাজনৈতিক সংস্কারের ধারাবাহিকতায় ছাত্র রাজনীতি বন্ধের প্রসঙ্গে ব্যারিস্টার মইনুল হোসেন রোববার আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “বর্তমানে লেজুড়বৃত্তির মাধ্যমে রাজনৈতিক দলগুলোর পেশিশক্তি হিসেবে ছাত্র সংগঠনগুলো ব্যবহৃত হচ্ছে। ছাত্ররা আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের গড়ে তুলবে। কিন্তু তা না করে এখন সংগঠনগুলো বিভিন্ন রাজনৈতিক দলের লেজুড় হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে।”
তাই সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি অর্থায়নে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে কোনও রাজনৈতিক দল যেন ছাত্র সংগঠনগুলোকে ব্যবহার করতে না পারে, তার জন্য বিশেষ আইন হওয়া প্রয়োজন বলে মনে করেন আইন উপদেষ্টা।
তিনি বলেন, “প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদাকে এ ব্যাপারে আমি বলেছি। তবে এখন পর্যন্ত এমন কোনও আইনের খসড়া আমার কাছে আসেনি।”
সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, কর্পোরেট অফিসে ট্রেড ইউনিয়নগুলোর দলবাজির বিরোধিতা করে ব্যারিস্টার মইনুল বলেন, “ট্রেড ইউনিয়ন সবার অধিকার। এটা সরকার বন্ধ করতে চায় না। তবে এর নামে দলবাজি বন্ধ করতে হবে।”
দুই নেত্রীকে বাদ দিয়ে সংস্কার করার প্রস্তাব সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর ভেতর থেকেই এসেছেÑ এ কথা পুনরায় উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, “আওয়ামী লীগ এবং বিএনপির কয়েকজন রাজনৈতিক নেতা প্রস্তাব দিয়েছিলেন প্রধান দুই ব্যক্তিকে বাদ দিয়ে সংস্কার করার, আবার কেউ কেউ দুজনকে রেখেই সংস্কারের পক্ষে মত দেন।”
তবে রাজনৈতিক দলের নেতাদের নাম জানাতে অস্বীকৃতি জানিয়ে উপদেষ্টা বলেন, “এসব প্রস্তাব যারা করেছেন, তাদের নাম আমি বলব না। আর সবাই জানে তারা কারা।”
উপদেষ্টা পরিষদের সদস্য বাড়ানো হবে কিনা জানতে চাইলে ব্যারিস্টার মইনুল জানান, এমন কোন সিদ্ধান্ত এখনও হয়নি।
