সাভারে ভুয়া সিকিউরিটি সার্ভিসের গ্রেপ্তারকৃত কর্মকর্তা-কর্মচারী রিমান্ডে
সাভার পৌর এলাকার দুটি ভুয়া সিকিউরিটি সার্ভিসের তিন কর্মকর্তা-কর্মচারীকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
সাভার থানা পুলিশ শনিবার দুপুরে তাদের আদালতে হাজিরের পর বিচারক তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর এলাকার নয়াবাড়ীর বাদশা ভিলার ‘ডাব্লিউ ডিএসএস (প্রা.) লি. সিকিউরিটি সার্ভিস’ এর পরিচালক শাহিন সরকার (২৫) ও পিয়ন ইব্রাহিম খলিল এবং ‘গ্রামীণ সুপার সার্ভিস’ এর সহকারী ক্লার্ক খোরশেদ আলম।
শুক্রবার রাতে পুলিশ দুটি ভুয়া সিকিউরিটি সার্ভিস ‘ডাব্লিউ ডিএসএস (প্রা.) লি.’ ও ‘গ্রামীণ সুপার সার্ভিস’ এ অভিযান চালায়। শনিবার সকালে অভিযান চালানো হয় ‘ফ্রেশ স্পেশাল প্রা. সিকিউরিটি সার্ভিস’ এ।
তবে ‘ফ্রেশ স্পেশাল প্রা. সিকিউরিটি সার্ভিস’ এর কাউকে আটক করতে পারেনি পুলিশ।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) নাছিম উদ্দিন জানান, সরকারি অনুমোদনহীন এ সব সিকিউরিটি সার্ভিস চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
প্রতারণার শিকার একাধিক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। প্রতিষ্ঠানের মালিকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান নাছিম উদ্দিন।
