কুষ্টিয়ায় ভাইয়ের হাতে বোন খুন
পৈতৃক সম্পত্তির ভাগ নিতে বাবার বাড়ি গিয়ে ছোট ভাই ফজল আলীর (৩৭) হাতে খুন হয়েছেন হালিমা বেগম (৪০)।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভাগজোত গ্রামে এ হত্যাকাণ্ডের পর ফজল আলী পালিয়ে গেছেন। এ ঘটনায় শনিবার হালিমার ছেলে সাইফুল বাদী হয়ে ফজলকে আসামী করে দৌলতপুর থানায় হত্যা মামলা করেছেন।
এলাকাবাসী জানায়, দৌলতপুর উপজেলার পাকুড়িয় গ্রামের বাদল সর্দারের স্ত্রী জাহানারা বেগম (৪২) তার ছোট বোন হালিমা বেগমকে (৪০) সঙ্গে নিয়ে বৃহস্পতিবার দুপুরে বাবার বাড়ি ভাগজোত গ্রামে যান। দুই বোন বাবা আলীমুদ্দিনের জমির ভাগ দাবি করলে ছোট ভাই ফজল (৩৭) ধারালো হাসুয়া দিয়ে তাদের কুপিয়ে জখম করেন।
প্রতিবেশীরা আহত দুই বোনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তির পর শুক্রবার রাত ১২ টার দিকে মারা যান জাহানারা বেগম। তার বোন হালিমা এখনো চিকিৎসাধীন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
