২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বজ্রপাতে আহত ২০

ঝড়ের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য একটি ঘরে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি। সেখানে বজ্রপাতে আহত হয়েছেন ২০ জন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 09:00 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

সাতক্ষীরার কোমরপুর গ্রামের হাজিখারি স্লুইসগেট এলাকায় শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৪ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

সদর হাসপাতালের ডা. শহিদুজ্জামান জানান, এদের অনেকেরই অবস্থা আশংকাজনক।

চিকিৎসাধীন আহতরা হলেন একরামুল হক (২০), ভোলা মন্ডল (২২), রাখাল মন্ডল (২৪), আনিছুর রহমান (১৯), জিয়াদ আলী (২৪), নজরুল ইসলাম (২০), সুজাত আলী (১৯), আবদুস ছালাম (২৪), নাসিমা খাতুন (২০), ইসমাইল হোসেন (৭), তানজিলা খাতুন (৪), মর্জিনা খাতুন, জাকির হোসেন (৩), আলেয়া খাতুন (২৪)।

আহতরা জানান, তাদের অনেকেই ধান কেটে বাড়ি ফিরছিলেন। অনেকেই আবার স্থানীয় চিংড়ী ঘেরে কাজ করতে যাচ্ছিলেন। প্রবল ঝড় ও বৃষ্টির মুখে তারা সবাই স্লুইসগেটের পাশের একটি কক্ষে আশ্রয় নিলে সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে।

আহত সবার বাড়ি সদর উপজেলার কোমরপুর গ্রামে।

বজ্রপাতের খবর পেয়ে সাতক্ষীরা থেকে কয়েকটি অ্যাম্বুলেন্স দ্রুত ছুটে যায় কোমরপুর গ্রামে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।