আগুনে ব্রাহ্মণবাড়িয়ায় ৫ ঘর পুড়ে ছাই
সদর উপজেলার ঘাটুরায় বৃহস্পতিবার রাতে আগুনে পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বজ্রপাতে গ্যাসের রাইজার বিস্ফোরণে ওই আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে গিয়ে আহত হন পাঁচ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে বিদ্যুৎ বিভাগের ষোলশহর সাব স্টেশনের কাছে রফিকুল ইসলাম হাজারীর বাড়ির গ্যাস পাইপলাইনের রাইজার বজ্রপাতে বিস্ফোরিত হলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ওই সময় রফিকুল ইসলামের ঘরসহ আশপাশের পাঁচটি ঘর ভস্মীভূত হয়।
পরে দমকল কর্মীরা এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত জেলা প্রশাসক বনমালী ভৌমিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোবারক মুন্সি জানিয়েছেন, অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
