২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফেরার পর হাসিনাকে হয়রানি না করার নির্দেশ চেয়ে আবেদন হচ্ছে

শেখ হাসিনাকে দেশে ফেরার পর তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ চেয়ে হাইকোর্টে আরেকটি আবেদন করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 02:05 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

শেখ হাসিনার কৌঁসুলি ব্যারিস্টার শফিক আহমেদ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, নতুন আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বৃহস্পতিবার বিকেল চারটায় সিনিয়র আইনজীবীরা বৈঠকে বসবেন। রোববার আবেদনটি দায়ের করা হতে পারে।

তিনি বলেন, শেখ হাসিনা একটি বৃহৎ রাজনৈতিক দলের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী। নাগরিক হিসাবে তিনি যেন দেশের জন্য দায়িত্ব পালন করতে পারেন সে জন্যই আবেদনটি করা হবে। তার নিরাপত্তার সবরকম ব্যবস্থাই সরকারকে নিতে হবে।

ব্যারিস্টার শফিক জানান, শেখ হাসিনার দেশে ফেরায় নিষেধাজ্ঞা আরোপ করে জারি করা প্রেসনোটের বৈধতা চ্যালেঞ্জ করে যে আাবেদনটি করার কথা ছিল, তা আর হচ্ছে না।

তিনি বলেন, “সরকার তার অগণতান্ত্রিক আদেশ প্রত্যাহার করে নেওয়ায় ওই আবেদনের আর প্রয়োজন নেই।”

এদিকে শেখ হাসিনাকে বহন না করায় ব্রিটিশ এয়ারওয়েজের বিরুদ্ধে ১০ কোটি পাউন্ড ক্ষতিপূরণ মামলার করার কথাও ভাবা হচ্ছে বলে জানান ব্যারিস্টার শফিক।

তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।