যত শিগগির সম্ভব দেশে ফিরতে চান হাসিনা
নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, যত শিগগির সম্ভব দেশে ফিরতে চান তিনি।
দেশ-বিদেশের বিভিন্ন সংবাদ-মাধ্যম এবং এদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “সবচেয়ে বড় কথা হলো আমি দেশে আসতে পারবো, দেশের মানুষের কাছে আসতে পারবো। আমি কৃতজ্ঞতা জানাই দেশের সব মানুষের প্রতি, মিডিয়ার প্রতি, যেসব কূটনীতিবিদ, সাংসদ আমার পাশে ছিলেন তাদের প্রতি।”
এ মুহূর্তে দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ না জানিয়ে হাসিনা বলেন, “এখানে আমার কিছু প্রোগ্রাম আছে। তাছাড়াও এখন আমাকে আমার টিকিট বুক করতে হবে। কারণ সরকার সবগুলো এয়ারলাইন্সকে চিঠি দিয়েছিল আমাকে না নিতে। এখন নতুন করে চিঠি দিতে হবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এরপরই যত শিগগির সম্ভব আমি দেশে ফিরে আসবো।”
খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানো বা তার চলে যাওয়া প্রসঙ্গে হাসিনা বলেন, “এ বিষয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই। আমি শুধু বলতে চাই। কেউ কোনো অন্যায় করলে তার বিচার এ দেশের মাটিতেই হওয়া উচিত। কারও ব্যাক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ আমি সমর্থন করি না।”
