সীমান্তের ওপারে এক শিশুর পোলিও, কক্সবাজারে সতর্কতা
কক্সবাজার সীমান্তে মিয়ানমারের মংডু শহরে একজন পোলিও রোগীর সন্ধান পাওয়ায় জেলার সীমান্তজুড়ে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সব শিশুদের টিকা খাওয়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগ আগামী ১৩ মে রবিবার জেলায় বিশেষ টিকা দিবস পালনেরও ঘোষণা দিয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মরতুজা রেজা হাসান জানিয়েছেন, মিয়ানমারের মংডু শহরে একটি শিশুর শরীরে পোলিওর জীবাণু পাওয়ার খবরে সীমান্তে কড়া নজরদারি, ট্রানজিট পয়েন্টে টিকা খাওয়ানোর ব্যবস্থা এবং সীমান্ত উপজেলা টেকনাফ ও উখিয়ার প্রত্যেকটি বাড়ি গিয়ে শিশুদের টিকা খাওয়ানো হয়েছে কিনা পরীক্ষা করা হচ্ছে। বুধবার থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে এবং তিনি নিজেই বিষয়টি তত্ত্বাবধান করছেন।
তিনি আরও জানান, মংডুর সীমান্তবর্তী জেলা হওয়ায় কক্সবাজারে ১৩ মে বিশেষ টিকা দিবস পালন করা হবে।
সিভিল সার্জন অফিস জানায়, বুধবার টেকনাফে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
