২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে আরো একটি মামলা

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহম্মেদ আকবর সোবহানের (শাহ আলম) বিরুদ্ধে বুধবার জমি দখলের অভিযোগে আরো একটি মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 10:07 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

নগরীর বাড্ডা এলাকার বাসিন্দা গাজী ওবায়দুল করিম বাদী হয়ে ছয়জনকে আসামি করে বুধবার সকালে বাড্ডা থানায় এ মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক আবু সুফিয়ান, শাহ আলমের ছেলে তানভীর সোবহান, জনৈক লিয়াকত এবং বসুন্ধরা গ্রুপের পরিচালক সামসুদ্দিন।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, তিনি ও তার স্ত্রী মেজর শাহ কামরুন্নাহার কবির ১৯৯০ সাল থেকে ১৯৯৫ সালের মধ্যে জোয়ারসাহারা মৌজায় বিভিন্ন দাগে ছয়টি দলিলের মাধ্যমে জনৈক আফিলউদ্দিনের কাছ থেকে প্রায় তিন বিঘা (এক একর) জমি কেনেন। পরে ২০০২ সালে জানুয়ারি মাসে আহম্মেদ আকবর সোবহান শাহ আলমসহ মামলার আসামিরা সশস্ত্র সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক ওই জমিতে মাটি ফেলে তাদের প্রকল্পে অর্ন্তভুক্ত করে।

পরে তারা বসুন্ধারা কার্যালয়ে ডেকে নিয়ে আসামিরা তাকে নামমাত্র দামে জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য চাপ দেয়। অন্যথায় তাকে স্বপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর সন্ত্রাসী দিয়ে অপহরণের চেষ্টা করলে তিনি নিজ বাড়ি ছেড়ে আত্মগোপন করেন।

এতদিন দেশের পরিবেশ অনূকূল না থাকায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা যায়নি বলে বাদী তার অভিযোগে জানান।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদউদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার তদন্ত শুরু হয়েছে।

এর আগে একই থানায় হেলেনা বেগম চায়না নামে একজন বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে একটি মামলা করেন।