২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-কলকাতা ট্রেন চলাচল সমঝোতা স্বাক্ষর

ঢাকা ও কলকাতার মধ্যে সরাসরি ট্রেন চলাচলের ব্যাপারে সমঝোতায় স্বাক্ষর করেছে বাংলাদেশ ও ভারতের রেল কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 07:43 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

ঢাকায় দুই দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে তিনদিনের আলোচনা শেষে বুধবার রেলভবনে সমঝোতা স্বাক্ষর হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহা পরিচালক মো. বেলায়েত হোসেন।

তিনি বলেন, “আজ (বুধবার) দুই দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়েছে। এটি এখন চুড়ান্ত অনুমোদনের জন্য দু’দেশের সরকারের কাছে পাঠানো হবে।”

ট্রেন চলাচল কবে থেকে শুরু হবে-এ ব্যাপারে বেলায়েত হোসেন বলেন, “দুই দেশের সরকার চাইলে জুলাইয়ের প্রথম সপ্তাহেই শুরু হবে বলে আশা করছি।”

সমঝোতা অনুযায়ী, প্রতিদিন জয়দেবপুর থেকে এবং কলকাতা টার্মিনাল স্টেশন থেকে সকাল সাতটায় একটি করে ট্রেন ছাড়বে। ৩৭৬ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে প্রায় ১০ ঘন্টা। এরমধ্যে বাংলাদেশ অংশের ২৫৩ কিলোমিটার পাড়ি দিতে লাগবে প্রায় আটঘন্টা। তবে পরিকল্পনা অনুযায়ী জুলাইয়ের মধ্যে জয়দেবপুর থেকে ঢাকা ক্যান্টমমেন্ট স্টেশন পর্যন্ত ডুয়েল গেজ রেললাইন নির্মাণ কাজ শেষ হলে ট্রেন চলাচল শুরু হবে ক্যান্টনমেন্ট স্টেশন থেকেই।

ইমিগ্রেশন এবং কাস্টমসের প্রথম আনুষ্ঠানিকতা হবে যাত্রা শুরুর স্টেশন থেকে। এরপর বাংলাদেশের দর্শনা এবং ভারতের গেদে চেকপোস্টে পুনরায় ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা হবে। পথে কোনও যাত্রী ওঠানামা করতে পারবে না।

ফিটনেস পরীক্ষার জন্য ইশ্বরদীতে ট্রেন কিছু সময়ের জন্য থামবে। জয়দেবপুর থেকে যাত্রা করে যমুনা সেতুর পার হয়ে দর্শনা এবং এরপর ভারতের গেদে দিয়ে কলকাতা পৌঁছাবে এই ট্রেন।

সমঝোতা অনুযায়ী, প্রতিটি শোভন নন এসি চেয়ারের একমুখী ভাড়া নির্ধারণ করা হয়েছে আট ডলার (কমপক্ষে ৫৫০ টাকা), প্রথম শ্রেণীর এসি চেয়ারের জন্য ১২ ডলার (৯৪০ টাকা) এবং প্রতিটি স্লিপার বার্থের জন্য ২০ ডলার (১৪০০ টাকা)।

ট্রেনে ১০টি বগি থাকবে। এরমধ্যে পাঁচটি শোভন চেয়ার, তিনটি এসি এবং দুইটি হবে বার্থ শ্রেণীর জন্য।

বর্তমানে জয়দেবপুর থেকে ঢাকা পর্যন্ত মিটারগেজ রেলপথ রয়েছে। জুলাইয়ের মধ্যে একে ডুয়েল গেজে রুপান্তর করা গেলে ট্রেন ছাড়বে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে। ইতোমধ্যে ডুয়েল গেজে রুপান্তরের কাজ জয়দেবপুর থেকে শুরু হয়ে ঢাকা বিমানবন্দর অতিক্রম করেছে।