সুন্দরবন এলাকায় চোরাই সুন্দরী কাঠ আটক
সুন্দরবন এলাকার একটি ইটভাটা থেকে কোস্টগার্ড সদস্যরা বুধবার সাড়ে ১৪ লাখ টাকার চোরাই সুন্দরী কাঠ আটক করেছে। এ নিয়ে সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে পাঁচদিনে প্রায় এক কোটি টাকার চোরাই কাঠ আটক করা হলো।
কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা বুধবার দুপুরে বিষখালী নদীর পুর্বপাড়ে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার লাবলু মিয়ার ইটভাটা থেকে বিপুল পরিমাণ সুন্দরী কাঠ আটক করে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের কমান্ডার লেফটেন্যান্ট এটিএম আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযানে এক হাজার ২০০ সিএফটি সুন্দরী কাঠ আটক করা হয়। অবশ্য ইটভাটার মালিককে গ্রেপ্তার করা যায়নি।
এটিএম আশরাফ আরও জানান, কোস্টগার্ড গত শনিবার থেকে এ পর্যন্ত যে পরিমাণ চোরাই কাঠ আটক করেছে তার দাম প্রায় এক কোটি টাকা।
