২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অর্ধেক জনবল কমিয়ে ফেলছে বিমান

বাংলাদেশ বিমানকে আগামী ৩০ জুনের মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টা এম এ মতিন এ নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে বিমানের অর্ধেক জনবল ছাঁটাইয়ের সিদ্ধান্তও জানিয়ে দিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 05:55 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

বুধবার সচিবালয়ে বিমান মন্ত্রণালয়ের সভাকক্ষে বিমানের সাবেক শীর্ষ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশিষ্ট জনদের নিয়ে এক মতবিনিময় সভা হয়। এতে বিমান পুনর্গঠন ও বাণিজ্যিকীকরণ সংক্রান্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির সুপারিশ পর্যালোচনা করা হয়।

সভায় বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা নির্দেশ দেন, বিমানকে লিমিটেড কোম্পানিতে রূপান্তরের আনুষঙ্গিক প্রক্রিয়া ৩০ জুনের মধ্যে শেষ করতে হবে।

সভা শেষে উপদেষ্টা এমএ মতিন সাংবাদিকদের জানান, বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হলেও এর শতভাগ শেয়ার থাকবে সরকারের হাতে। বিমান পরিচালনার জন্য সরকার একজন ব্যবস্থাপনা পরিচালক ও বেসরকারি অপারেটর নিয়োগ করবে। বেসরকারি অপারেটররাই বিমানের যাত্রীসেবাসহ এর জনবলের দক্ষতা বাড়ানোর কাজ করবে।

খুব শিগগির এ সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদে উত্থাপন করে অনুমোদন নেওয়া হবে বলে জানান এম এ মতিন।

তিনি আরও বলেন, বিমানের জনবল এখন ছয় হাজার ৮০০। পুনর্গঠন প্রক্রিয়ায় এর প্রায় ৫০ শতাংশ অর্থাৎ তিন হাজার ৩০০ জনবল বাদ দেয়া হবে। ৩০ জুনের মধ্যে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে এসব কর্মীকে ছাঁটাই করা হবে। ছাঁটাইয়ের জন্য একটি নীতিমালা প্রণয়নে একটি কমিটি গঠন করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এমএ মতিন স্বীকার করেন, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণেই বিমান লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল।

তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে লাভজনক করতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে। প্রয়োজনে বিমানের চালু থাকা পুরোনো চারটি এয়ারবাস ও পাঁচটি ডিসি-১০ বিমানকে বসিয়ে নতুন উড়োজাহাজ সংগ্রহ করা হবে।

দুর্নীতির সঙ্গে জড়িত বিমানকর্মীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হবে কিনা-এ প্রশ্নে উপদেষ্টা বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা এম এ মতিনের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী, সিপিডির নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য, অর্থনীতিবিদ আবুল বারকাত, এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন, বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শহীদ আলম, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ফারুক আহম্মেদ সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতিনিধি ও বেসামরিক বিমান মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লি¬ষ্ট কর্মকর্তারা।

আবুল বারাকাত সাংবাদিকদের বলেন, বিমানে প্রতি বছর প্রায় চার থেকে পাঁচ হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। অথচ প্রতি বছর বিমানের লোকসান ছিল দুই হাজার কোটি টাকা। শুধু দুর্নীতি রোধ করতে পারলেই প্রতি বছর বিমান প্রায় দুই হাজার কোটি টাকা লাভ করা সম্ভব।

মীর নাসির হোসেন সাংবাদিকদের বলেন, দুর্নীতি, অব্যবস্থাপনা ও সরকারি নিয়ন্ত্রণের কারণে বিমান এতদিন লাভজনক হয়নি। এখানে লোকবল বাড়লেও দক্ষতা বাড়েনি। রাজনৈতিক সরকারগুলোর হস্তক্ষেপের কারণে এখানে দুর্নীতিও বিস্তার লাভ করেছে।