২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকসহ ১৯ জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড

তারেক রহমানসহ ১৯ জন ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব সম্পর্কিত তথ্য চেয়ে দেশের সব বাণিজ্যিক ব্যাংককে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 07:58 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

বুধবার পাঠানো চিঠিতে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানের যৌথ বা একক নামে পরিচালিত ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। ব্যাংকে তাদের নামে থাকা চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, মেয়াদি আমানত হিসাব, বৈদেশিক মুদ্রার সঞ্চয়ী হিসাব ও ক্রেডিট কার্ড হিসাব সম্পর্কে তথ্য জানাতে হবে এনবিআরকে। (সমন্বিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রাপ্ত চিঠির একটি অনুলিপিতে দেখা গেছে তারেক রহমান ছাড়াও সাবেক মন্ত্রী মো. আমিনুল হক, শাহজাহান সিরাজ, সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকত উল¬াহ বুলু, সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, সাবেক সাংসদ এন এ এইচ সেলিম, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের, একই দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেন, জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ, ঢাকার ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজল, মীর্জা খোকন, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদারসহ মোট ১৯ জন ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর।

সরকারের দুর্নীতি দমন অভিযান শুরু হওয়ার পর প্রথম দফায় সন্দেহভাজন ৫৫ জনের ব্যাংক হিসাব সম্পর্কিত তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড। ওই সময় রাজস্ব বোর্ড তাদের ব্যাংক হিসাবে অপ্রকাশিত ১২০ কোটি টাকা থাকার ব্যাপারে তথ্য প্রমান খুঁজে পায়।