র্যাংগস ভবন ভাঙ্গার কাজ গুছিয়ে আনছে সরকার
রাজধানীর র্যাংগস ভবন ভাঙ্গার কাজ গুছিয়ে আনছে সরকার। ভবনটির নকশা অনুমোদন মামলায় আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপিল নিষ্পত্তির পর যাতে ভবনটি ভাঙ্গার কাজ দ্রুতই শুরু করা যায়, সে লক্ষ্যেই এগুচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে কোন পদ্ধতিতে ভবনটি ভাঙ্গা হবে, তা এখনও স্থির করা যায়নি। তাছাড়া এ জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবও রয়েছে দেশে।
নকশা বহির্ভূতভাবে নির্মাণের অভিযোগে রাজউক গত সরকারের সময় র্যাংগস ভবনের বিরুদ্ধে মামলা করে। তখন আদালত র্যাংগস এর পক্ষে রায় দেয়। রায়ের বিরুদ্ধে ওই সময় রাজউক আপিল করেনি।
গত ২১ এপ্রিল উপদেষ্টা পরিষদের বৈঠকে র্যাংগস ভবন ভেঙ্গে ফেলার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য দায়িত্ব দেওয়া হয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে। কিন্তু মামলার রায় সরকারের সামনে একমাত্র বাধা হয়ে দাঁড়ানোয় আপিল করার সিদ্ধান্ত হয়। এ জন্য সংশ্লিষ্ট আইন কর্মকর্তাকে প্রয়োজনীয় কাগজপত্র তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এ এস এম রাশিদুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। ভবনটি ভেঙ্গে ফেলার জন্য যন্ত্রপাতিরও প্রয়োজন রয়েছে। তবে ভবনটি ভাঙ্গার সব দিকই গুছিয়ে রাখছে সরকার।”
নাম প্রকাশে অনিচ্ছুক পূর্ত মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশে র্যাংগসের মতো এত বড় ভবন ভাঙ্গার যন্ত্রপাতির অভাব রয়েছে। এগুলো সরকারকে সংগ্রহ করতে হবে। তবে তার আগে সিদ্ধান্ত নিতে হবে, কোন পদ্ধতিতে ভবনটি ভাঙ্গা হবে। এক্ষেত্রে বিস্ফোরক ব্যবহার করা হবে, না হাতুড়ি দিয়ে কাজ সারা হবে তা আগে চূড়ান্ত করে সে অনুযায়ী এগুতে হবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, বিস্ফোরক ব্যবহার করা হলে ব্যয় বেশি হলেও সময় লাগবে কম। আর হাতুড়ি ব্যবহার করা হলে খরচ হবে কম, কিন্তু বেশি সময় লাগবে।
