বাড্ডায় স্বামীর হাতে নির্যাতিতাকে উদ্ধার
স্বামীর হাতে নির্যাতিত এক নারীকে মঙ্গলবার উদ্ধার করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কর্মকর্তারা।
রাজধানীর বাড্ডা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় স্বামীর বাড়ি থেকে জেসমিন আরা বেগম নামের ওই নারীকে উদ্ধার করা হয়।
বাড্ডা থানা পুলিশ জানায়, ব্যবসায়ী মোফাজ্জেল হোসেন ভূঁইয়া এক বছর আগে স্ত্রী জেসমিন আরা বেগমকে তালাক দেন। এ ঘটনায় জেসমিন মামলা করার হুমকি দিলে হত্যার হুমকি দেওয়া হয় তাকে।
পরে মিমাংসার কথা বলে গত ১৮ এপ্রিল মোফাজ্জেল তার বসুন্ধরা আবাসিক এলাকার সায়েম রোডের বাসায় জেসমিনকে ফিরিয়ে এনে ঘরে আটকে রাখেন। তখন থেকে তার ওপর চলছিল শারীরিক নির্যাতন।
মঙ্গলবার সকালে ঘরে তালা দিয়ে মোফাজ্জেল বাইরে গেলে জেসমিন মোবাইলফোনে গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থাকে খবর দেন। পরে সংস্থার কর্মকর্তারা বাড্ডা থানা পুলিশের সহায়তায় বিকেল চারটার দিকে জেসমিনকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে জেসমিন আরা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদউদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপ-পরিদর্শক মঞ্জুর মোর্শেদকে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
