বরিশালে শালিশ বৈঠকে হামলা, আহত ১৫
উজিরপুরের কাউয়ারেখা গ্রামে মঙ্গলবার এক শালিশ বৈঠকে হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। হামলাকারীরা সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে লুটপাট এবং অগ্নিসংযোগ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহতদের মধ্যে অমূল্য রতন হালদার, বিমল হালদার, প্রিয় লাল চৌকিদার, রস লাল হালদার, শুখরঞ্জন হালদার, পরিমল হালদার এবং শ্রীমতি হালদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হারতা ইউপি চেয়ারম্যান সুনীল কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাউয়ারেখা গ্রামের অমূল্য রতন হালদারের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী সাইফুল মোল্লার জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। এই বিবাদ মেটাতে মঙ্গলবার বিকেল ৫ টার দিকে অমূল্য রতন হালদারের বাসায় শালিশ বৈঠক বসে।
শালিশের রায় অমূল্য হালদারের পক্ষে গেলে সাইফুল মোল্লা এবং রফিক মেম্বারের নেতৃত্বে হামলা শুরু হয় বলে জানান সুনীল কুমার বিশ্বাস।
তিনি আরো বলেন, হামলাকারীরা একাধিক বাড়িতে লুটপাট এবং অমূল্য রতন হালদারের গোয়াল ঘরসহ চারটি খড়-কুটার ¯তূপে আগ্নিসংযোগের মাধ্যমে পুরো এলাকায় ত্রাস সৃষ্টি করে।
এ ব্যাপারে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনটি বাড়ীতে হামলা এবং ভাংচুর করা হয়েছে। তবে কারো বসত বাড়ীতে আগুন দেওয়া হয়নি।
