২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ৬ জনের যাবজ্জীবন

বাগেরহাটের শরণখোলায় চাঞ্চল্যকর সগির হত্যা ও ডাকাতি মামলায় ছয় আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এদের সবাইকে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 07:00 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ-২ এর বিচারক ওসমান হায়দার মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, জাহাঙ্গীর, লোকমান ফরাজী, জামাল হোসেন, বাবুল আকন, নাসির ও হারুন ফকির। এদের মধ্যে বাবুল আকন ও নাসির পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য ছয় আসামী আলী হোসেন, মহিউদ্দিন, নূরুজ্জামান, ছাত্তার দফাদার, কবির ও বাদল ফরাজীকে অব্যাহতি দেয়া হয়। আসামীদের সবার বাড়ি শরণখোলার বিভিন্ন এলাকায়।

মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৭ সালের ১২ জানুয়ারী রাতে ১০/১২ জন ডাকাত বাগেরহাটের শরণখোলা উপজেলার পূর্ব খোন্তাকাটা গ্রামের সগির হোসেন ওরফে সবুরের ঘরে ঢুকে তাকে গুলি করে হত্যা করে। ডাকাতরা যাওয়ার সময় নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ৫১ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় সগিরের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে একটি হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন।

সুন্দরী কাঠ আটক

পূর্ব সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর পূর্ব পাশের একটি ইটভাটা থেকে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা মঙ্গলবার দুপুরে ৬০ লাখ টাকার সুন্দরী কাঠ আটক করেছে। এ নিয়ে গত চার দিনে সুন্দরবন সংলগ্ন চারটি এলাকা থেকে ৭৩ লাখ টাকার চোরাই সুন্দরী ও গেওয়া কাঠ উদ্ধার করা হলো। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের কমান্ডার এ টি এম আশরাফ জানান, বলেশ্বর নদীর পূর্ব পাশে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার এপিসি ট্রেডমার্কের একটি ইটভাটায় অভিযান চালিয়ে পাঁচ হাজার সিএফটি চোরাই সুন্দরী কাঠ উদ্ধার করা হয়। এসব গাছের বাজার মূল্য হবে প্রায় ৬০ লাখ টাকা। অভিযানের সময় ইট ভাটার মালিক সঞ্জীব কর্মকার পালিয়ে যান।

এর আগে গত সোমবার কোস্টগার্ড সদস্যরা সুন্দবন সংলগ্ন নলিয়ান থেকে নয় লাখ টাকার দেড় হাজার ঘনফুট সুন্দরী কাঠ ও শনিবার চরদুয়ানী এলাকা থেকে চার লাখ টাকার চারশ ঘনফুট গেওয়া কাঠ উদ্ধার করে।