পল্টন হত্যা মামলায় জামায়াত নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৮ মে
পল্টনে ছাত্রমৈত্রী কর্মী হত্যার ঘটনায় জামায়াতে ইসলামীর বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানি হবে ৮ মে। ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ মোমিন উল্লাহ মঙ্গলবার বিকালে এ দিন ধার্য করেন।
২০০৬ সালের ২৮ অক্টোবর খালেদা জিয়া সরকার ক্ষমতা ছাড়ার আগের দিন পল্টনে ১৪ দল, জামায়াত-শিবির, পুলিশ-এ তিনমুখী সংঘর্ষে ছাত্রমৈত্রী কর্মী হত্যা মামলায় গত ১১ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মতিউর রহমান নিজামীসহ জামায়াতে ইসলামীর ১০ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
গত রোববার অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকার মহানগর হাকিম মীর আলী রেজা। সোমবার অভিযোগপত্রসহ নথিটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিচারের জন্য পাঠিয়ে দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম।
২৮ অক্টোবর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদক কামরুল আহসান মামলাটি দায়ের করেন।
