জয়নাল হাজারীর বিরুদ্ধে ফেনী আদালতে অভিযোগ গঠন
ফেনীর সিনিয়র স্পেশাল জজ আদালতে আওয়ামী লীগের সাবেক সাংসদ জয়নাল হাজারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় মঙ্গলবার দুপুরে অভিযোগ গঠন করা হয়। আদালত আগামী ২৯ এপ্রিল সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছে।
আদালত সূত্র জানায়, সশরীরে হাজির হওয়া ও সম্পদের হিসাব জমাদানের নির্দেশ দেওয়ার পরও জয়নাল হাজারী তা না করায় গত ৮ এপ্রিল ফেনীর সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক সফিকুর রহমান ভূঁইয়া।
মঙ্গলবার এই মামলায় আদালতে হাজারীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আবু তাহের। এরপর বিচারক মো. নজরুল ইসলাম ২৯ এপ্রিল রোববার পাঁচ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
ওইদিন মামলার সাক্ষী, হাজারীর ছোট বোন ও বাতিল হওয়া নির্বাচনে ফেনী-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী খোদেজা বেগম, হাজারীর ভাতিজা ফেনী পৌরসভার ১ নং ওয়ার্ড কমিশনার টিটু হাজারী, মাষ্টার পাড়ার বাসিন্দা ও বন্ধ হওয়া ‘সাপ্তাহিক হাজারীকা’ পত্রিকার কর্মী মালেক পাটোয়ারি, দুদক কর্মকর্তা সফিকুর রহমান ভূঁইয়া ও খোরশেদ আলমের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে বলে আদালত সূত্র জানায়।
এর আগে ১৭ এপ্রিল হাজারীর অফিস ও প্রেস থেকে বহু মালামাল ক্রোক করা হয়। প্রসঙ্গত ২০০১ সালের ১৭ আগস্ট থেকে পলাতক আছেন জয়নাল হাজারী।
