চট্টগ্রামে ৪ জনের ফাঁসি, যাবজ্জীবন ৭
ফটিকছড়ির ব্যবসায়ী জিএম ইসমাইল হত্যা মামলায় চারজনের ফাঁসি ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম মোস্তাক আহমেদ মঙ্গলবার এ রায় দেন।
ফাঁসির আদেশপ্রাপ্ত আসামীরা হলেন, ফটিকছড়ির চিহ্নিত সন্ত্রাসী শামীম উদ্দিন, দৌলত, তৌহিদুল আলম ও মাহবুব আলম।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, কালা দৌলত, মোহাম্মদ সেলিম, নেজামউদ্দিন দিদার, নাছির উদ্দিন, আবু তাহের, মোহাম্মদ আইয়ুব ও নাজিম উদ্দিন।
সাজাপ্রাপ্ত ১১ আসামির মধ্যে শামীম উদ্দিন ছাড়া অন্যরা পলাতক রয়েছে। নুরুল আলম নামে এক আসামি শুনানি চলাকালে মারা যান।
ব্যবসায়ী জি এম ইসমাইল ২০০৩ সালের ১৮ মার্চ সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। নিহতের পরিবার এ হত্যার জন্য শামীম উদ্দিন বাহিনীর সন্ত্রাসীদের দায়ী করে মামলা করে।
রাজনৈতিক বিরোধের জের ধরে ওই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ রয়েছে। নিহত ইসমাইল ছিলেন ছাত্র শিবির সমর্থক। অন্যদিকে, মামলার সাজাপ্রাপ্ত আসামিদের সবাই স্থানীয় ছাত্রলীগের সঙ্গে যুক্ত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি কামরুল ইসলাম সাজ্জাদ। আসামি পক্ষে ছিলেন শংকর প্রসাদ ও অশোক কুমার দে।
