হাসিনার দেশে ফেরার বাধা সরাতে প্রেসনোটের বৈধতা চ্যালেঞ্জ
শেখ হাসিনার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা দিয়ে জারি করা প্রেসনোটের বৈধতা চ্যালেঞ্জ এবং তার দেশে ফেরার বাধা সরানোর ওপর নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, হাসিনার দেশে ফেরার ওপর বাধা আরোপ আইন ও সংবিধান বিরোধী। যেখানে আইনের শাসন রয়েছে, সেখানে সরকার এ ধরনের আদেশ দিতে পারে না। সুতরাং ওই প্রেসনোটের কোনও কার্যকারিতা নেই।
মঙ্গলবার বিচারপতি শাহ আবু নাঈম মো. মোমিনুর রহমান ও বিচারপতি যুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি দায়ের ও শুনানির আবেদন করেন ব্যারিস্টার শফিক আহমেদ ও অ্যাডভোকেট মাহবুবে আলম। শেখ হাসিনার পক্ষে মামলাটি করেন তার প্রটোকল অফিসার মনজিলা ফারুক। আগামি রোববার এর শুনানি হবে।
এ মামলায় পক্ষভুক্ত করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, বেসামরিক বিমান চলাচল সচিব ও ব্রিটিশ এয়ারওয়েজকে।
আবেদন জানানোর পর ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, এমন কোনও আইন নেই, যাতে কোনও নাগরিকের দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা যায়। এ কারণে হাসিনার দেশে ফেরার ওপর বাধা আরোপ আইন ও সংবিধান বিরোধী। যেখানে সাংবিধানিক ও আইনের শাসন আছে সেখানে সরকার এধরনের আদেশ দিতে পারে না। আইন বহির্ভূতভাবে ওই প্রেসনোট দেওয়া হয়েছে। ফলে এর কোনও কার্যকারিতা নেই। ব্রিটিশ এয়ারওয়েজ প্রসঙ্গে বলা হয়েছে, হাসিনাকে বোর্ডিং পাস না দেওয়ার কোনও আইনগত ভিত্তি সংস্থাটির ছিল না।
একইসঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার সব বাধা সরানো এবং তিনি ফিরলে যেন আইন বহির্ভূত কোনও ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া না হয় তার আবেদনও জানানো হয়।
আবেদনটি খুব জরুরি উল্লেখ করে মঙ্গলবারই তা দায়ের ও শুনানির আবেদন জানান দুই কৌঁসুলি। তখন আদালত বলেন, এ বেঞ্চের নিয়মানুযায়ী বৃহস্পতিবার ফটোকপি ও পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে রিট দায়ের করলে রোববার শুনানি হবে।
অ্যাডভোকেট মাহবুবে আলম আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে একদিকে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে, অন্যদিকে তার দেশে ফেরার ওপর বাধা সৃষ্টি করে প্রেসনোট দেওয়া হয়েছে যা স্ববিরোধী।
তিনি বলেন, হাসিনা দেশে ফিরতে চান। তিনি ফৌজদারি মামলা আইনগতভাবে মোকাবেলা করবেন। তাই তিনি যাতে দেশে ফিরতে পারেন রিট আবেদনে সে নির্দেশই চাওয়া হয়েছে।
এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হচ্ছে। এ আবেদনের দায়েরের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। দুই এক দিনের মধ্যে এর ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।
সাধারণত আদালতে হাজির হয়ে আগাম জামিনের বিধান থাকলেও দেশে ফেরার সঙ্গে সঙ্গে শেখ হাসিনাকে সরকার যাতে গ্রেফতার না করতে পারে সে জন্য এ আবেদন করা হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক তার এক আইনজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, আদালত তাকে আগাম জামিন দিতে অস্বীকৃতি জানালে বিমানবন্দর থেকে হাইকোর্টে আসা পর্যন্ত সময়ে তাকে যেন গ্রেফতার বা হয়রানি না করা হয় আদালতের কাছে সে নির্দেশ চাওয়া হবে।
ব্যক্তিগত সফরে ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন শেখ হাসিনা। তিনি বিদেশ থাকাকালীন ৯ এপ্রিল একটি বেসরকারি বিদ্যুৎ কোম্পানির চেয়ারম্যান তাজুল ইসলাম ফারুক রাজধানীর তেজগাঁও থানায় তার বিরুদ্ধে তিন কোটি টাকা চাঁদাবাজির মামলা করেন। এর দুই দিন পর পল্টনে শিবিরকর্মী হত্যা মামলায় অভিযোগপত্র দেওয়া হয় শেখ হাসিনা বিরুদ্ধে।
১৪ এপ্রিল দেশে ফেরার সিদ্ধান্ত নিলেও যোগাযোগ উপদেষ্টা এম এ মতিনের অনুরোধের পর তখন দেশে ফেরার তারিখ পরিবর্তন করেন হাসিনা। এরপর ১৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেসনোটে জরুরি অবস্থা জারির জন্য হাসিনাকে অন্যতম দায়ী করে বলা হয়, আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফিরে এলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। এ জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থাও নেয় সরকার।
এসবের মধ্যেও দেশে ফেরার সিদ্ধান্তে অটল শেখ হাসিনা লন্ডন হয়ে দেশে ফেরার উদ্দেশে যুক্তরাষ্ট্র ছাড়েন। ২৩ এপ্রিল বিমানের টিকিটও করা হয়। এর ঠিক একদিন আগেই হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
২৩ এপ্রিল লণ্ডনের হিথরো বিমানবন্দরে যান শেখ হাসিনা। কিস্তু বৃটিশ এয়ারওয়েজ বাংলাদেশ সরকারের আপত্তির কথা জানিয়ে তাকে বিমানে তুলতে অপারগতা প্রকাশ করে। তখন বোর্ডিং পাস না পেয়ে হিথরো থেকে তিনি বোন শেখ রেহানার বাসায় ফিরে যান।
একই দিন হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া গ্রেপ্তারি পরোয়ানাও ২৮ মে পর্যন্ত স্থগিত করা হয়।
দেশে ফিরতে না পেরে সরকারের সমালোচনা করে শেখ হাসিনা পুনর্বার বলেন, তিনি যে কোনও মূল্যে দেশে ফিরবেন। প্রয়োজনে সরকারের বিরুদ্ধে তিনি দেশে-বিদেশে জনমত তৈরির ঘোষণাও দেন তিনি।
