বলি খেলাকে ঘিরে মঙ্গলবার থেকে চট্টগ্রামে বৈশাখী মেলা
বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের শত বছরের ঐতিহ্যবাহী বলি খেলাকে ঘিরে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী বৈশাখী মেলা।
ঐতিহাসিক লালদিঘীর ময়দানে প্রায় একশ বছরের পুরনো ঐতিহ্য বলি খেলাকে (কুস্তি) কেন্দ্র করে প্রতিবছর বসে এই মেলা। লালদিঘী প্রাঙ্গণে এ বারের মেলার জন্য ইতিমধ্যেই দোকানিদের ভিড় শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে মেলা। আগেভাগে মেলা শুরু হলেও মূল বলি খেলা অনুষ্ঠিত হবে বুধবার বিকেলে।
জরুরি অবস্থা জারির কারণে মেলার আয়োজন নিয়ে আয়োজকদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা থাকলেও মহানগর পুলিশ শেষ পর্যন্ত অনুমতি দিয়েছে। সেই সঙ্গে নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সহকারি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ শরীফ এ কথ জানিয়েছেন। তবে মেলা উপলক্ষে জুয়া ও হাউজির মতো কার্যকলাপ যাতে হতে না পারে সেদিকে আয়োজকদের দৃষ্টি রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।
জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলার সঙ্গে চট্টগ্রামবাসীর এক ধরনের নাড়ির সম্পর্ক তৈরি হয়ে গেছে। ১৯০৯ সালে আবদুল জব্বার সওদাগর নামে এক ব্যবসায়ী লালদীঘি মাঠে ঐতিহ্যবাহী এ খেলা চালু করেন। সেই থেকে নিরবচ্ছিন্নভাবে প্রতিবছর এ খেলা এবং একে কেন্দ্র করে মেলার আয়োজন হয়। এমনকি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ও এ বলি খেলা অনুষ্ঠিত হয়েছিল।
বৃটিশ সাম্রাজ্য বিরোধী আন্দোলনে সুঠামদেহী যুবকের খোঁজ পেতে এ বলি খেলার প্রবর্তন করা হয়েছিল বলে কথিত আছে।
