শেরপুরে বিএনপি ও জাপা নেতার বিরুদ্ধে মামলা
শেরপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এ কে এম ছাইফুল ইসলাম কালাম ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ উদ্দিনের বিরুদ্ধে রোববার রাতে সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, দুজনের বিরুদ্ধে পৃথক দুই ব্যক্তি দুটি মামলা দায়ের করেন।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এ কে এম ছাইফুল ইসলামের বিরুদ্ধে জাল দলিল সৃষ্টি করে প্রতারণামূলকভাবে ১২ একর জমি আত্মসাতের অভিযোগে সদর উপজেলার ফজল হক বাদি হয়ে একটি মামলা করেন।
মামলার এজাহারে বাদি বলেন, ২০০৪ সালের ১ মে ওই নেতা জাল দলিল সৃষ্টি করে তার জমি আত্মসাৎ করেন।
অ্যাডভোকেট কালাম যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে গত আড়াই মাস ধরে শেরপুর জেলা কারাগারে আটক রয়েছেন।
অন্যদিকে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চর পক্ষীমারী ইউনিয়নের চেয়ারম্যান মো. ইলিয়াস উদ্দিনের বিরুদ্ধে খুনের উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে জখমসহ চাঁদাবাজির অভিযোগে সদর উপজেলার আবদুর রহমান মেম্বার বাদি হয়ে অপর একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে বলা হয়, ১৯৯৯ সালের ২২ মার্চ রাতে চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আরও অজ্ঞাতনামা পাঁচ/ছয়জনকে সঙ্গে নিয়ে বাদিকে শিমুল তলী এলাকায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।
চেয়ারম্যান ইলিয়াস উদ্দিনও যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে শেরপুর কারাগারে আটক রয়েছেন।
