চুয়াডাঙ্গায় বিএসএফ এর গুলিতে নিহত কৃষকের লাশ হস্তান্তর
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত ময়না মিয়ার (৩৭) লাশ সোমবার দুপুরে বিডিআরের কাছে হস্তান্তর করা হয়েছে।
৩৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর মোতাহার হাসান জানান, বিডিআর এবং বিএসএফ এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর ওই বাংলাদেশী কৃষকের লাশ ফেরত দেওয়া হয়।
পতাকা বৈঠকে শনিবার মধ্যরাতে গুলিবর্ষণ এবং গুলিতে কৃষক নিহত হওয়ার ঘটনায় বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করা হয়। পরে ভারতীয় পুলিশ জীবননগর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।
উল্লেখ্য, শনিবার মধ্যরাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা সীমান্তের ৭০ নম্বর পিলারের কাছে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। জবাবে বিডিআরও পাল্টা চার রাউন্ড গুলি চালায়। ভোর পাঁচটার দিকে বিএসএফ সদস্য আবার গুলি চালালে জমিতে সেচ দেওয়ার কাজে ব্যস্ত ময়না মিয়া নিহত হন। তার বাড়ি মাধবখালী গ্রামে।
