আরও একটি মামলায় মামুনের জবানবন্দি
শাহবাগ থানার দায়ের হওয়া একটি চাঁদাবাজির মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গিয়াউদ্দিন আল মামুন। একইসঙ্গে ধানমন্ডি থানার একটি চাঁদাবাজির মামলায় তাকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
শাহবাগ থানায় খায়রুল বাশারের দায়ের করা চাঁদাবাজির মামলায় তিন দিনের রিমান্ড শেষে সোমবার দুপুরে মামুনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
এরপর ধানমন্ডি থানায় একই বাদীর দায়ের করা আরেকটি চাঁদাবাজির মামলায় মামুনকে সাত দিন রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ পরিদর্শক কাজী মাইনুল ইসলাম।
শুনানি শেষে মহানগর হাকিম মীর আলী রেজা দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরপর শাহবাগ থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় মামুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি হেলাল উদ্দিন।
মহানগর হাকিম এবিএম আব্দুল ফাত্তাহ পরে তার জবাববন্দি নেন।
মামুন এর আগে আরও চারটি মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
