সাতক্ষীরায় জামায়াতের সাবেক সাংসদের বিরুদ্ধে আরো একটি চাঁদাবাজির মামলা
সাতক্ষীরায় জামায়াতের সাবেক সাংসদ গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আরো একটি চাঁদাবাজির মামলা হয়েছে।
রোববার বিকাল ৩টায় শ্যামনগরের দাঁতপুর গ্রামের আধার সরদারের ছেলে জালাল উদ্দীন বাদী হয়ে শ্যামনগর থানায় মামলাটি দায়ের করেন।
এর আগে গত ১৭ এপ্রিল শ্যামনগর থানায় নজরুল ইসলামের বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজির মামলা হয়। ওই মামলার বাদী ছিলেন শ্যামনগর উপজেলার আবদুর রশিদ।
রোববার দায়ের হওয়া মামলার বাদী জালাল উদ্দীন অভিযোগ করেছেন, শ্যামনগর উপজেলার দাঁতপুর গ্রামে বেদখল হওয়া ঘেরের দখল বুঝিয়ে দেওয়ার নামে তার কাছে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করেন সাবেক সাংসদ।
এরপর ২০০৬ সালের ২৪ জুন তিনি নজরুল ইসলামের সহকারী গাউসুল আযমের মাধ্যমে এই টাকা পরিশোধ করেন। কিন্তু তারপরও বাদী ঘের ফেরত পাননি।
গাজী নজরুল ইসলাম গত ১ মার্চ সাতক্ষীরায় যৌথবাহিনীর হাতে গ্রেপ্তারের পর এখন কারাগারে আছেন।
শ্যামনগর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই নুরুজ্জামান মামলা হওয়ার কথা নিশ্চিত করেছেন।
