২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম ওসমানের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন

নির্ধারিত সময়ে সম্পদের হিসাব জমা না দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 10:15 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

রোববার দুপুরে নারায়ণগঞ্জের স্পেশাল জজ আবদুল কুদ্দুস মিয়ার আদালতে অভিযোগ গঠন করা হয়। সোমবার এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

আদালত সূত্র জানায়, নির্ধারিত সময়ে সম্পদের হিসাব জমা না দেওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ধারা ২৬ এবং জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭ এর বিধি ১৫ এর ঘ (৫) অনুসারে শামীম ওসমানের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

আদালতে সাবেক এই সাংসদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নবী হোসেন। এ সময় তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

প্রসঙ্গত, কমিশনের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ পরিচালক বেনজীর আহমেদ বাদী হয়ে গত ৪ এপ্রিল আদালতে শামীম ওসমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

১১ এপ্রিল আদালতের নির্দেশে শহরের জামতলায় শামীম ওসমানের বাড়ির মালামাল জব্দ করে ফতুল্লা থানা পুলিশ।

এরপর ১৫ এপ্রিল আদালত তিন দিনের মধ্যে শামীম ওসমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। কিন্তু তিনি হাজির না হওয়ায় আদালত তার অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু করে।

এই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীরা হলেন দুর্নীতি দমন কমিশনের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ পরিচালক বেনজীর আহমেদ, কর্মচারী আবদুল মোতালিব, শামীম ওসমানের বাড়ির তত্ত্বাবধায়ক শাখাওয়াত হোসেন, প্রতিবেশী সুরুজ হাওলাদার ও নুরুদ্দীন আহমেদ।