দুর্নীতি দমন অভিযানে যেন মানবাধিকার লঙ্ঘিত না হয়: সুলতানা কামাল
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, দুর্নীতি দমন অভিযান পরিচালনার ক্ষেত্রে যেন মানবাধিকার লঙ্ঘিত না হয় সেদিকে খেয়াল রাখা প্রয়োজন।
রোববার দুর্নীতি দমন কমিশনে চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে দেখা করার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সুলতানা কামাল বলেন, “দুর্নীতির কারণে মানবাধিকার লঙ্ঘিত হয়। এ কারণে দুর্নীতি দমন ও মানবাধিকার সংরক্ষণের বিষয়টি পরস্পরের সঙ্গে সংশ্লিষ্ট।”
তিনি আরও বলেন, “কিছু মানুষের হাতে অর্থ কুক্ষিগত থাকায় দুর্নীতির প্রসার ঘটেছে। পাশাপাশি ক্ষমতার অপব্যাবহারের কারণেও অনেকে অধিকার বঞ্চিত হয়েছেন।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুলতানা কামাল বলেন, “মানবাধিকারের বিষয়টি বিবেচনায় রেখে দুর্নীতিবিরোধী অভিযানে কীভাবে আমরা সহযোগিতা করতে পারি তা নিয়ে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে।”
তিনি জানান, কমিশন চাইলে আইন ও সালিশ কেন্দ্র এ বিষয়ে আইনগত সহায়তা দিতে পারে।
