তারেকের মামলার স্থগিতাদেশের অনুলিপি নিম্ন আদালতে দাখিলের নির্দেশ
তারেক রহমানের বিরুদ্ধে এক কোটি টাকার চাঁদাবাজির মামলার ওপর হাইকোর্টের স্থগিতাদেশের সইমুহুরী নকলের অনুলিপি নিম্ন আদালতে দাখিলের দিন ৮ মে ধার্য করা হয়েছে।
রোববার ঢাকার দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ খান এ তারিখ ধার্য করেন।
আদালতে তারেক রহমানের পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া একটি দরখাস্ত দাখিল করে বলেন, “আমি এখনও এ মামলাটির ওপর হাইকোর্টের স্থগিতাদেশের সই মুহুরী নকল হাতে পাইনি।”
তখন আদালত সই মুহুরী নকলের অনুলিপি দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য করেন।
৭ মার্চ রাতে খালেদা জিয়ার মঈনুল সড়কের বাসা থেকে গ্রেপ্তার করা হয় তারেক রহমানকে। পরদিন আমিন আহম্মেদ ভূঁইয়া গুলশান থানায় তারেকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে চাঁদাবাজির মামলাটি করেন।
