হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
জেলার বাহুবল উপজেলার চলিতাতলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়লে অন্তত ছয় জন নিহত হন। আহত হন ৩৫ জন। রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাহুবল উপজেলার নোয়াগাও গ্রামের মাস্টার আব্দুল হামিদের ছেলে মীরপুর কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সল আহমেদ (২১), একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে অলি মিয়া (২২), খড়িয়া গ্রামের শিবু বিশ্বাস (৫৫), একই গ্রামের দেব বিশ্বাস (৭০), জারিয়া গ্রামের আনন্দ বজ্রের ছেলে ধনঞ্জয় বজ্র (২১) ও মানিকা গ্রামের রিকশাচালক আবিদ আলী (৩০)।
গুরুতর আহত ইসমাইল মিয়া (১৫), কামাল হোসেন (৫০), উস্তার মিয়া (৩০), জিতেন্দ্র বিশ্বাস (২৫) সহ কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঢাকা-সিলেট মহাসড়কের চলিতাতলা বাজারের পাশে একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে বাঁশ বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি প্রথমে মোটর সাইকেলটিকে চাপা দেয় এবং পরে রাস্তার পাশের ভবনের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। মোটর সাইকেল আরোহী শিবু বিশ্বাস মারা যান এবং তার ছেলে জিতেন্দ্র গুরুতর আহত হন।
ওই সময় দোকানের সামনে অনেক লোক থাকায় ক্ষয়ক্ষতির মাত্রা বেড়ে যায় বলে মিজানুর রহমান জানান। পুলিশ ট্রাক চালককে গ্রেপ্তার করতে পারেনি।
