২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০টি ক্ষুদ্র বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে পুনঃদরপত্রের সিদ্ধান্ত

স্বচ্ছ না থাকার কারণ দেখিয়ে ১০টি ক্ষুদ্র বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের দরপত্র বাতিল করে পুনঃদরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি একইসঙ্গে দরপত্র যাচাই-বাছাইয়ের জন্য গঠিত মূল্যায়ন কমিটিও পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2007, 07:34 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

শনিবার অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তপন চৌধুরী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের পুরো প্যাকেজটিই বাতিল করে নতুন করে দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বের আহ্বান করা দরপত্র এবং মূল্যায়ন প্রক্রিয়া বিবেচনা করে সন্তুষ্ট হতে না পারায় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।”

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী সাংবাদিকদের বলেন, “মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাব ও অন্য দপ্তরগুলো যাচাই-বাছাইয়ের সময় অনেক বিষয় এড়িয়ে যাওয়া হয়েছে। তাই ভাল কিছু বের করে আনতেই দরপত্র বাতিল করে পুনঃদরপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। পুনঃদরপত্রের জন্য রোববার থেকেই প্রক্রিয়া শুরু হবে।”

নতুন করে দরপত্র আহ্বানের কারণে প্রক্রিয়াটিই কমপক্ষে তিন মাস পিছিয়ে যাবে বলেও উপদেষ্টা জানান।

জোট সরকার দেশের বিদ্যুৎ সঙ্কট নিরসনের জন্য ২০০৪ সালে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে ১০টি ক্ষুদ্র বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নেয়। এ জন্য প্রাক-যোগ্যতা যাচাই করে ৩২টি প্রতিষ্ঠানকে তালিকাভূক্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে দরপত্র ও পুনঃদরপত্রের মাধ্যমে দুই দফায় মূল্য তালিকা ও কারিগরি বিষয়ে প্রস্তাব জমা নেওয়া হয়েছিল।