সালাহউদ্দিন কাদের চৌধুরীর অবস্থা অপরিবর্তিত
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে।
তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের করনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন।
শনিবার সন্ধ্যায় বাবাকে দেখে এসে সালাহউদ্দিন কাদেরের ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার শরীরের তাপমাত্রা ১০২ ডিগ্রী থেকে ওপরে ওঠানামা করছে। এছাড়া তার বুকে এখনও ব্যথা রয়েছে।”
ডাক্তারদের বরাত দিয়ে হুম্মাম জানান, তাঁর যকৃতে ইনফেকশন হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১ টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শুক্রবার সকালে বুকে ব্যথা ও শ্বাসজনিত সমস্যার কারণে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
গত ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর ধানমন্ডির বাসভবন থেকে ৪ ফেব্রুয়ারি সালাহউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। চট্টগ্রামে রাঙুনিয়া এলাকায় তার বিরুদ্ধে কয়েকটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারের পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে রংপুর কারাগারে স্থানান্তর করা হয়েছিল। গত মঙ্গলবার রংপুর থেকে আবার তাকে ঢাকায় আনা হয়।
পারিবারিক সুত্র জানিয়েছে, এক বছর আগে সালাহউদ্দিন কাদের চৌধুরীর হৃদপিণ্ডের কয়েকটি ধমনীতে ব্লক সুষ্টি হওয়ায় চারটি রিং লাগানো হয়েছিল। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপেও ভুগছেন।
