২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধারা গ্রুপের চেয়ারম্যান শাহ আলমের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মামলা

বসুন্ধারা গ্রুপের চেয়ারম্যান আহম্মেদ আকবর সোবহানের (শাহ আলম) বিরুদ্ধে শুক্রবার জমি দখলের অভিযোগে একটি মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2007, 12:15 AM

Updated : 26 Apr 2022, 02:15 PM

নগরীর বাড্ডা এলাকার বাসিন্দা ইকবাল মাহমুদ আকবর মাওলার স্ত্রী অ্যাডভোকেট হেলেনা বেগম চায়না বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে বাড্ডা থানায় ৪৪৭, ৪২৭, ৫০৬ এবং ৩৪ ধারায় তিনি এ মামলা দায়ের করেন।

বাড্ডা থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন তার স্বামী ইকবাল মাহমুদ বিদেশে যাওয়ার আগে ২০০০ সালের ১৮ অক্টোবর নগরীর জোয়ার সাহারাতে জনৈক হান্নানের কাছ থেকে ১২ কাঠা জমি কেনেন।

পরে ২০০৬ সালের ৭ মার্চ দেশে ফিরে তিনি দেখতে পান, বসুন্ধারা গ্রুপ তার জমি দখলের পর ভরাট করে প্লট আকারে বিক্রির প্রস্তুতি নিচ্ছে। তিনি জমি ফিরিয়ে দেওয়ার জন্য বসুন্ধরা সিটিতে আবাসন প্রকল্পের কার্যালয়ে গেলে প্রতিষ্ঠানটির ভূমি কর্মকর্তা লিয়াকত তাকে উল্টো হুমকি দেন।

বসুন্ধরা গ্রুপ কারো জমি দখল করে থাকলে তাদের মামলা দায়ের করার জন্য বুধবার রাতে বাড্ডা থানা পুলিশ এলাকায় মাইকিং করার পর বাদী মামলা দায়েরের সাহস পান বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।