‘পাওনা দিতে না পারলে আমাদের গুলি করুক’
“সরকার আমাদের পাওনা টাকা পরিশোধ করুক, নইলে পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যা করব। টাকা দিতে না পারলে আমাদের এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে মেরে ফেলুক তারা।”
শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কথাগুলো বলেন খালিশপুর শিল্পাঞ্চলের পিপল’স জুট মিলের শ্রমিক মোঃ দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার খুলনায় চারটি পাটকল বন্ধ করে দেওয়ায় যে ২১ হাজার শ্রমিক কার্যত বেকার হয়ে পড়েছেন, দেলোয়ার তাদেরই একজন।
বৃহস্পতিবার বিকেলে শ্রমিকদের পাওনা ৪০ কোটি টাকা বকেয়া রেখেই চারটি পাটকল সাময়িকভাবে বন্ধ করে দেয় বিজেএমসি। এরমধ্যে প্লাটিনাম জুট মিল ৪৫ দিন এবং পিপলস, ক্রিসেন্ট ও স্টার জুট মিল ২১ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। ফলে হঠাৎ করেই কর্মহীন হয়ে পড়েন চারটি মিলের প্রায় ২১ হাজার শ্রমিক। তাদের ওপর নির্ভরশীল লক্ষাধিক মানুষের জীবনও অনিশ্চিত হয়ে পড়ে।
পিপলস জুট মিলের শ্রমিক মোখলেছুর রহমান শুক্রবার বলেন, “সাড়ে চার মাস ধরে মজুরি পাইনা। বুধবার রাতে এক আত্মীয়ের বাড়ি থেকে দুই কেজি চাল চেয়ে এনেছিলাম। ওই চাল শেষ। বাড়িতে পাঁচ ছেলে মেয়ে ভাতের জন্য কাঁদছে। এখন ভাত পাব কোথায় ? ছোট ছোট ছেলে মেয়েগুলোর দিকে তাকাতে পারি না।”
শ্রমিক হুমায়ূন কবীরের দুই মেয়ে এবার এইচএসসি পরীক্ষা দেবে। হুমায়ূন জানালেন, মেয়েদের খাতা কলম কিনে দেওয়ার মতো পয়সাও এখন তার কাছে নেই।
মোঃ আনোয়ার পরিবারের সদস্যদের নিয়ে থাকেন প্লাটিনাম শ্রমিক কর্মচারী আবাসিক এলাকায়। বৃহস্পতিবার রাতে তিন ছেলেমেয়েকে নিয়ে শুধু মরিচ ডলে ভাত খেয়েছেন তিনি। শুক্রবার ছেলেমেয়েদের কী খাওয়াবেন তা এখনো জানেন না তিনি।
ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক মজিদ, দুলাল, আব্দুল্লাহ ও আবুল কালাম সবাই প্রায় একই কথা জানালেন। তাদের প্রশ্ন, “১৮/১৯ সপ্তাহের মজুরি বাকি। গত ঈদে বোনাসও পাইনি। আমরা তো অন্যায় কিছু দাবি করিনি। সরকার আমাদের দিকে তাকাচ্ছেন না কেন?”
পাট সূতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি সরদার মোতাহার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দাবি যুক্তিসঙ্গত। অথচ সরকার শ্রমিকদের পাওনা না মিটিয়ে উল্টো মিল বন্ধ করে দিল। আমরা হতবাক হয়েছি।”
মোতাহার উদ্দিন জানালেন, পাটকলগুলো বন্ধ করে দেওয়ায় পরিবার পরিজন নিয়ে অনেকেই গ্রামের বাড়িতে চলে যাচ্ছেন।
চার মাসেরও বেশি সময় ধরে বেতন ভাতা বন্ধ থাকায় খালিশপুর শিল্পাঞ্চলের প্লাটিনাম, পিপলস, ক্রিসেন্ট ও স্টার জুট মিলের শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন। বিক্ষোভে বাধা দেওয়ায় গত মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। বুধবার প্রায় সারদিনই শ্রমিক-পুলিশ সংঘর্ষ চলে। ওইদিন সন্ধ্যায় বিক্ষুব্ধ শ্রমিকরা খালিশপুরের পাবলা পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেয়।
এর পরিপ্রেক্ষিতে বুধবার রাতে খালিশপুরে ১৪৪ ধারা জারি করা হয়। সমঝোতার চেষ্টায় বৃহস্পতিবার শ্রমিক নেতাদের সঙ্গে দুদফা বৈঠকে বসে বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) কর্মকমর্তারা। কিন্তু বকেয়া মজুরি পুরিশোধের ব্যাপারে বিজেএমসি কোনো আশ্বাস দিতে না পারায় শ্রমিকরা মিলে ফিরে না যাওয়ার ব্যাপারে দৃঢ় অবস্থান নেয়।
এদিকে মিল বন্ধ করে দেওয়ার পর শ্রমিকদের আন্দোলনেও ভাটা পড়েছে। শুক্রবার বিকেলে কিছু শ্রমিক জড়ো হয়ে মিছিল বের করেন। কিন্তু খালিশপুর শিল্পাঞ্চল থেকে নতুন রাস্তার মোড় পর্যন্ত গিয়েই ফিরে আসেন তারা। পুলিশও তাদের বাধা দেওয়ার কোনো চেষ্টা করেনি।
শ্রমিকদের পাওনা টাকা পরিশোধের বিষয়ে কর্তৃপক্ষ কী ভাবছে তা জানতে শুক্রবার দিনভর বিজেএমসির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।
