২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন

দেশ জুড়ে বোমা হামলার অংশ হিসেবে চট্টগ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার জেএমবির দুই সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 08:19 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

অভিযুক্তরা হলেন চট্টগ্রামের আঞ্চলিক কমান্ডার জাবেদ ইকবাল ও আশরাফুল আলম। তৃতীয় মহানগর দায়রা জজ একরামুল হক ভুঁইয়ার আদালতে অভিযোগ গঠনের শুনানির সময় এ দুজনউপস্থিত ছিলেন।

মহানগর পিপি আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৫ সালে ১৭ আগস্ট দেশ জুড়ে বোমা হামলায় সময় চট্টগ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়। মামলায় এই দুইজনসহ শায়খ আবদুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলাভাই, আতাউর রহমান সানির বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র জমা দেন।

তিনি আরও জানান, সম্প্রতি আলাদা মামলায় জেএমবির শীর্ষ স্থানীয় নেতাদের ফাঁসি হওয়ায় আদালত তাদের অভিযোগ থেকে অব্যহতি দেন এবং অপর দুই জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন মহানগর পিপি আবদুস সাত্তার। অন্যদিকে জেএমবি সদস্যরা নিজেদের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ দেননি।