আরেকটি চাঁদাবাজির মামলায় মামুনের স্বীকারোক্তি
ধানমন্ডি থানায় দায়ের করা চাঁদাবজির মামলায় চার দিনের পুলিশ রিমান্ড শেষে গিয়াসউদ্দিন আল মামুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বৃহষ্পতিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম এ মামলায় ১৬৪ ধারায় মামুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য আদালতে আবেদন করেন।
আদালতের কর্মচারীরা জানান, এ আবেদনের পরিপ্রেক্ষিতে সিএমএম আদালতের হাকিম এবিএম আব্দুল ফাত্তাহ দুপুর দুইটা ১০ মিনিটে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য মামুনকে তাঁর খাস কামরায় বসান। সন্ধ্যা ছয়টা ২৫ মিনিটে জবানবন্দি দেওয়া শেষে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম আব্দুল ফাত্তাহ।
নওগাঁর এক ব্যবসায়ী মো. জাহিদ গত ২ এপ্রিল গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে ৫৩ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন।
মামুন এরইমধ্যে ধানমন্ডি, কাফরুল ও গুলশান থানার তিনটি চাঁদাবাজির মামলায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এনিয়ে মামুন চতুর্থবার আদালতে জবানবন্দি দিলেন।
তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু মামুনকে গত ২৬ মার্চ তার পুরনো ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই ক্যান্টনমেন্ট থানার উপ পরিদর্শক আবদুল আউয়াল বাদী হয়ে অস্ত্র আইনে তার বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করেন।
