২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ

ভোট গ্রহণের তিন সপ্তাহ আগে পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা। একজন প্রার্থী প্রতি ইউনিয়নে সর্বোচ্চ একটি ও পৌরসভা বা সিটি এলাকার প্রতি ওয়ার্ডে একটি করে নির্বাচনী ক্যাম্প করতে পারবেন। নির্বাচনী প্রচারণায় সব ধরনের দেওয়াল লিখন নিষিদ্ধ থাকবে। এ ধরনের বিভিন্ন বিধান রেখে নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 06:05 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবির এটি প্রকাশ করেন।

খসড়ায় বলা হয়েছে, জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করতে পারে এমন কোনো সড়কে নির্বাচনী ক্যাম্প করা যাবে না। প্রচারণার জন্য সভা সমাবেশ করার আগে রাজনৈতিক দলগুলোকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে।

খসড়ায় আরও বলা হয়েছে, প্রচারণায় কোনো গেট বা তোরণ নির্মাণ বা চলাচলের পথে ব্যারিকেড তৈরি করা যাবে না। প্রার্থী পোস্টারে প্রতীক এবং তার ছবি ছাপাতে পারবেন। তিনি রাজনৈতিক দলের মনোনীত হলে দলীয় প্রধানের ছবিও ছাপাতে পারবেন। অবশ্য পোস্টারে কোনো অনুষ্ঠান, মিছিলে নেতৃত্বদান ও প্রার্থনারত অবস্থার ছবি ছাপানো যাবে না।

এছাড়া নির্বাচনী প্রচারণায় কাপড়ের ব্যানার, টুপি, শার্ট, গেঞ্জি ব্যবহার নিষিদ্ধের কথা বলা হয়েছে খসড়া আচরণবিধিতে। এ সময় প্রার্থী বৈদ্যুতিক আলোকসজ্জাাও করতে পারবেন না।

নির্বাচন কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ৪০০ বর্গফুট এর বেশি জায়গা নিয়ে কোনো প্যান্ডেল নির্মাণও নিষিদ্ধ করা হয়েছে খসড়ায়।

কোনো রাজনৈতিক দল বা প্রার্থী মসজিদ, মন্দির, গির্জা বা অন্য কোনো ধর্মীয় উপসানালয়ে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না বলেও জানান সচিব।