২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপকূলীয় তিন জেলায় ২ কোটি টাকা মূল্যের জাল ও চিংড়ি পোনা আটক

বাগেরহাটসহ উপকূলীয় তিন জেলার বিভিন্ন নদী ও খালে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ২ কোটি ২০ লাখ টাকা মূল্যের বিভিন্ন জাল ও চিংড়ি পোনা আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 04:55 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

পরে আটক করা এসব জাল বৃহস্পতিবার দুপুরে মংলা কোস্টগার্ড ঘাঁটিতে পুড়িয়ে ফেলা হয়।

মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা জাটকা নিধন প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে সুন্দরবনসহ বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন নদী-খালে অভিযান চালিয়ে মাছ ধরার এসব জাল ও অবৈধভাবে শিকার করা চিংড়ি রেণু পোনা আটক করে।

অভিযানে কোস্টগার্ডের পাঁচটি টহল জাহাজ ও ৪৫টি টহল বোট অংশ নিচ্ছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার আবু তাহের গোলাম মোহাম্মদ সরকার জানান, উদ্ধারকৃত বিভিন্ন প্রকার জাল ও পোনার মধ্যে রয়েছে ৮১ হাজার ৩৫০ মিটার চিংড়ি পোনা ধরা জাল, ৭১ হাজার ৮২৫ মিটার বেন্দী জাল, ২১ হাজার ৬০০ মিটার কারেন্ট জাল, ৩২ হাজার ৩০০ মিটার জাটকা মাছ ধরা জাল এবং ১০ লাখ চিংড়ি পোনা ও পাঁচ মণ জাটকা মাছ।

তিনি আরও জানান, আটক করা এসব জাল ও মাছের বাজার দর প্রায় দুই কোটি ২০ লাখ টাকা। আগামী ৩১ মে পর্যন্ত এই অভিযান চলবে।