সংবাদ মাধ্যমে বিধি নিষেধ আরোপের বিষয়ে কিছু জানেন না তথ্য উপদেষ্টা
বিভিন্ন সংবাদ মাধ্যমে ফোন করে খবর প্রকাশে বিধি নিষেধ জারির বিষয়ে কিছু জানেন না তথ্য ও আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। তার দাবি, তথ্য অধিদপ্তর থেকে এ ধরনের কোনও ফোন করা হয়নি।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ব্যারিস্টার মইনুল হোসেন।
তিনি বলেন, “দেশে জরুরি অবস্থা বলবৎ থাকায় কারও মৌলিক অধিকার নেই। আমরা স্বাধীন আছি ঠিকই, কিন্তু স্বাভাবিক অবস্থার স্বাধীনতা এটা নয়। সবাইকে বুঝতে হবে, একটা সঙ্কটময় সময় চলছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রার সুযোগ কম।”
কিছু কিছু সংবাদের ব্যাপারে ফোন করে বিধিনিষেধ দেওয়া হয় কেন-এই প্রশ্নে মইনুল হোসেন বলেন, “এ ধরনের ফোন কে করেছে তা আমার জানা নেই। তথ্য অধিদপ্তর থেকে এ ধরনের ফোন করতে পারে না। গোয়েন্দা সংস্থাগুলো করেছে কিনা জানি না। এ বিষয়ে অভিযোগ এলে তা খতিয়ে দেখা হবে।”
একই সঙ্গে তিনি বলেন, “বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে নানা ধরনের তথ্য আসে। তার সত্যতা যাচাইয়ের জন্য তারা ফোন করতে পারেন, জানতে চাইতে পারেন। তাদের সহায়তা করতে সমস্যা কোথায়?”
তথ্য উপদেষ্টা আরও বলেন, “বর্তমান সময়ে কেউ যদি কোনও সংবাদের ব্যাপারে আলোচনা বা বুদ্ধি পরামর্শ করে, তাতে আমি খারাপ কিছু দেখি না। তবে দেশে জরুরি অবস্থা চলছে, এটা সাংবাদিকদেরও মনে রাখা উচিত।”
