২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ৪ শীর্ষ জঙ্গি গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর বর্তমান প্রধান বলে বিবেচিত কথিত মতিন মেহেদীসহ চার শীর্ষ জঙ্গীকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 02:09 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

বুধবার রাত ২টার দিকে জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের হাটির পাড় এলাকার হাজী তোতা মিয়ার বাড়ি থেকে এদের গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তারা এ বাড়িতে ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলেন।

পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে বলেছে, তারা এখন জেএমবিকে নতুন নামে পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন। তিনি জানান, জেলা সদর থানায় একটি উচ্চ পর্যায়ের কমিটি জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করছে।

গ্রেপ্তারকৃত অন্য জঙ্গীরা হচ্ছে কুড়িগ্রামের আঞ্চলিক কমান্ডার বিপ্লব (২৬), কুড়িগ্রাম সদর থানা কমান্ডার আনোয়ার (২৪) এবং নতুন নিয়োগপ্রাপ্ত সদস্য জোবায়ের (১৭)। মতিন মেহেদীর বয়স ৪৬ বছর। তার বাড়ি গাইবান্ধা শহরের ব্রীজ রোড, টেম্পো স্ট্যাণ্ড এলাকায়। তার বাবার নাম এনামুল হক মন্ডল।

শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইসহ শীর্ষ ছয় জঙ্গির ফাঁসি কার্যকর হওয়ার পর মতিন মেহেদী জেএমবিকে পুনর্গঠিত করে বর্তমান কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত মতিন মেহেদী ঝিনাইদহ থানায় দায়ের করা একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী এবং ১৭ আগস্ট দেশজুড়ে গ্রেনেড হামলার ঘটনায় গাইবান্ধা থানায় দায়ের মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী।

অন্য জঙ্গী বিপ্লবের বাড়ি রংপুরের পশ্চিম বাবু খাঁ গ্রামে। তার বাবার নাম মৃত নওশাদ আলী। আনোয়ার এর বাড়ি কুড়িগ্রাম পৌরসভার নীলারাম গ্রামে, বাবার নাম শরিয়ত উল্যা। তহর উদ্দিনের ছেলে জোবায়ের এর বাড়ি কুড়িগ্রাম পৌরসভার সিএন্ডবি ঘাট এলাকায়।

সদর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মতিন মেহেদী ১৬ দিন আগে কুড়িগ্রামে আসেন। এখানে তিনি সংগঠনের কর্মীদের সঙ্গে গোপন বৈঠক করেন এবং এরপর বসন্ত রোগে আক্রান্ত হয়ে অবস্থান করছিলেন। এদের কাছ থেকে জিহাদী বই, সিডি বক্সে তৈরি নতুন ধরনের বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।

পুলিশ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করছে।