দুর্নীতিবিরোধী প্রচারণায় বিটিভির সহায়তা চায় কমিশন
দুর্নীতিবিরোধী প্রচারণা চালাতে বাংলাদেশ টেলিভিশনের সহায়তা চেয়েছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।
সাক্ষাৎ শেষে হাসান মশহুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “বিটিভির মাধ্যমে দুর্নীতিবিরোধী নানা ধরনের তথ্যচিত্র প্রচার করতে চাই আমরা। বিষয়টি তথ্য উপদেষ্টাকে জানিয়েছি। উপদেষ্টা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য সচিবকে নির্দেশ দিয়েছেন।”
উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনটি মন্ত্রণালয়ের বিষয়ে নিয়ে আলোচনা হয় বলে জানান হাসান মশহুদ চৌধুরী। তিনি বলেন, “কিছু বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য আইন উপদেষ্টার কাছে এসেছিলাম।”
তবে কোন কোন মন্ত্রণালয় বা কী বিষয় নিয়ে কথা হয়েছে, তা বলতে রাজি হননি তিনি।
দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান জানান, জেলা পর্যায়ে তার সফর আপাতত স্থগিত রয়েছে। ‘আবহাওয়া ভালো হলে’ পুনরায় তিনি সফর শুরু করবেন।
